ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
            রাজ্যে বেজে উঠেছে ২৩- র মহারণের দামামা ।প্রতিটি রাজনৈতিক দল তাদের চূড়ান্ত রণকৌশল তৈরিতে ব্যস্ত। বুধবার রাজ্যের শাসকদল বিজেপি তাদের মনোনীত প্রার্থীদের নিয়ে করেছে ম্যারাথন বৈঠক। রাজধানীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন প্রতিটি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীরা। ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা,প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় মন্ত্রী তথা ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক সহ দলের প্রথম সারির নেতৃত্ব।
            বিজেপির নির্বাচনী বৈঠকে মূলত দলের প্রথম সারির নেতারা মনোনীত প্রার্থীদের ভোটের নানা কায়দা কৌশল সম্পর্কে অবগত করেন এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তারা ওয়াকিবহাল হন। প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করেন সংশ্লিষ্ট জায়গায় দলের বর্তমান শক্তির অবস্থা। এই বৈঠকে উপস্থিত প্রার্থীরা তাদের নিজেদের অভিমত ব্যক্ত করেন এবং তাদের জয় সম্পর্কে আত্মবিশ্বাসী বক্তব্য রাখেন।
            অনুষ্ঠিত বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রার্থীদের পরিষ্কার করে জানিয়ে দেন,এই মহারণ থেকে প্রত্যেককে ছিনিয়ে আনতে হবে জয়। বিরোধীদের ঝোলা করতে হবে শূন্য। শীর্ষ নেতৃত্বের এই বক্তব্যকে অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা ।সর্বোপরি এদিনের এই বৈঠকে বিজেপি নেতৃত্ব তাদের ভোটের কলা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রার্থীরা কিভাবে মন্ডল নেতৃত্বের সঙ্গে মিলেমিশে কাজ করবেন  সামনের ১৫ দিন, তারও একটা রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি প্রচারে কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হবে তারও নির্দেশ দেওয়া হয় বৈঠকে। প্রার্থীদের কাগজে-কলমে পাঠ দেওয়া হয়। এই পাঠ থেকে উপলব্ধ করা বিষয়গুলি প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী ক্ষেত্রে গিয়ে প্রয়োগ করবেন এবং ঘরে ঘরে  কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিও তুলে ধরবে প্রচারে। ভোটের মুখে প্রার্থীদের নিয়ে বিজেপির এই ম্যারাথন বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।এখন পর্যন্ত বিরোধী সিপিএম ও কংগ্রেস নিজেদের ঘর গুছাতে পারেনি। জট চলছে জোট নিয়ে।এই পরিস্থিতিতে প্রার্থীদের একসঙ্গে করে ভোটের চূড়ান্ত ব্লু প্রিন্ট তৈরী করে ভাজপা। পাশাপাশি বোনাস পয়েন্টও পকেটে নিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *