ধর্মনগর ডেস্ক,২৮ মে।।
মুখ্যমন্ত্রী হবার পর শনিবার প্রথম ধর্মনগর সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ডঃ মানিক সাহা। মূলত ধর্মনগর এসে প্রথমেই এদিন তিনি ভারতীয় জনতা পার্টির যুবরাজ নগর মন্ডলের উদ্যোগে আয়োজিত হাফলং চিন্তা লোহার সদনে দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা সভানেত্রী মলিনা দেবনাথ সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা। ইতিমধ্যেই রাজ্যের ৪ টি আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রটিও রয়েছে। তাই নির্বাচনী রণকৌশল তৈরি করতেই এদিনের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জেলাশাসকের অফিস কার্যালয়ে সরকারি আমলাদের নিয়ে এক বৈঠকে যোগ দেন। নতুন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার উত্তর জেলা সফর ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

