ডেস্ক রিপোর্টার,৯ ডিসেম্বর।।
          আসন্ন এডিসি নির্বাচনের আগেই প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথার সঙ্গে সোনার সংসার ভেঙবে ভারতীয় জনতা পার্টি । আগামী জানুয়ারি মাসের মধ্যেই এই চিত্র পরিষ্কার হয়ে যাবে। এবং ২৬- র এডিসি নির্বাচনে পাহাড়ে একক ভাবে ক্ষমতা দখল করবে বিজেপি। বলিষ্ঠ কন্ঠে একথা জানিয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিনি বলেন, আগামী বছর এডিসি নির্বাচনে তিপ্রামথাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাহাড়ের মানুষ। কারণ গুণ্ডাগিরি করে বেশিদিন রাজনীতি করা যায় না।
         বিপিন দেববর্মার বক্তব্য, পাহাড় রাজনীতিতে বিজেপি বিরোধী দলের ভূমিকা পালন করছে। রাজ্যে তিপ্রামথা বিজেপির জোট শরিক। তারপরও এডিসি এলাকায় বিজেপির নেতা – কর্মীদের উপর হামলা করছে। সভা করতে দিচ্ছে না। আসলে মথার এই আচরণের মূলে রয়েছে ভয়। তাদেরকে পাহাড়ের মানুষ পছন্দ করছে না।
   মঙ্গলবার প্রদেশ বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে বিপিন দেববর্মা বড় ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী ১৩ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বিজেপি মহা যোগদান সভা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
            বিজেপি নেতা বিপিন দেববর্মার কথায়, আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় রাজ্যের এডিসি এলাকা গুলি থেকে ৫ থেকে ৬ হাজার ভোটার বিজেপিতে যোগ দেবেন। এই সভাকে সফল করার জন্য সমস্ত রকমের রোডম্যাপ তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন বিপিন।
        রাজনীতিকরা বলছেন আগামী ১৩ ডিসেম্বর বিজেপির এই মহা যোগদান সভা রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তিপ্রামথাকে। রাজ্যে পাহাড় গ্রাস করার জন্য কোমর বেঁধে নেমেছে ভারতীয় জনতা পার্টি। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি যদি একক শক্তি হিসাবে পাহাড় দখল নিতে পারে, তাহলে ২৮- র বিধানসভা নির্বাচনে যে এর একটা ব্যাপক প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *