রাত ১১টার দিকে অজ্ঞাতনামা লোকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যার পর দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে রেখে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।
#সমীরণ রায়#
________________
ঢাকা ডেস্ক, ১১ ফেব্রুয়ারি।।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক নির্বাচনের আগ মুহুর্তে
ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুশেন চন্দ্র সরকারকে (৬২) দোকানের ভেতরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে রেখে যায় হত্যাকারীরা।
গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় এই হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। নিহত সুশেন চন্দ্র সরকার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের’ মালিক ও উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা।
ত্রিশালের ওসি ফিরোজ বলেন, রাত ১১টার দিকে অজ্ঞাতনামা লোকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যার পর দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে রেখে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুশেন চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে বগার বাজার এলাকায় চালের ব্যবসা করে আসছিলেন। ঘটনার রাতে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তার গুদামে থাকা প্রায় ১৫ লাখ টাকা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।
নিহতের ছেলে সুজন সরকার বলেন, আমাদের চালের ব্যবসা দীর্ঘদিনের। আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাবার হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।
ওসি ফিরোজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সকল ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত খুনিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

