ডেস্ক রিপোর্টার, ২০ ফেব্রুয়ারি।।
                         রাজ্যের শাসক জোটের দুই বিধায়ক রাম প্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মার শাস্তি চেয়ে মাঠে নেমেছেন জেলার সাংবাদিকরা। রাজ্যের প্রথম সারির দৈনিক “আজকের ফরিয়াদ ও টিভি চ্যানেল হেড লাইন্স ত্রিপুরার সম্পাদক শানিত দেবরায় ও প্রণব সরকারকে প্রাণনাশের হুমকি সহ তাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন রাম প্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা। শুধু তাই নয়, শানিত দেবরায়ের ছবিতে লাল নিশান দিয়ে প্রকাশ্যে হত্যার বার্তা দিয়েছেন বিধায়ক রাম প্রসাদ পাল। এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোমতী জেলার উদয়পুরের সাংবাদিকরা।
    শুক্রবার বিকালে উদয়পুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন সাংবাদিকরা। এদিনের সাংবাদিক বৈঠকে উদয়পুর প্রেস ক্লাবের সভাপতি – সম্পাদক  সহ অন্যান্য সদস্যরা তীব্র ভাবে ঘটনার প্রতিবাদ করেন। গোটা ঘটনার নিন্দা করেন। তারা শাসক জোটের দুই বিধায়ক রাম প্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মার গ্রেফতার সহ পদচ্যুতির দাবি করেন।
   সাংবাদিক বৈঠকে উপস্থিত সাংবাদিকরা বলেন, “সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিধায়কদের এই ধরনের হুমকি গণতন্ত্রের পরিপন্থী এবং তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
      সাংবাদিক বৈঠকের শেষে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল গোমতী জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। তার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পুলিশ সুপারের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন।
     প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উদয়পুর প্রেসক্লাবের সভাপতি দেবব্রত রুদ্র, সম্পাদক জসীমউদ্দীন, কোষাধ্যক্ষ নুটন দাস এবং বরিষ্ঠ সাংবাদিক অপুরাম সরকার, ভাস্কর মোদক, আয়ুব সরকার, শ্যামসুন্দর দত্ত, সুকান্ত লস্কর, অমিতাভ দাশ, দীপ গোস্বামী, বিট্টু মজুমদার, অভিজিৎ সাহা, রূপক দাস, সাইমন খান সহ আরও অনেকে।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যদি সরকার সাংবাদিকদের উত্থাপিত দাবি ( পড়ুন দুই বিধায়কের গ্রেফতার ও পদচ্যুতি) পূরণ না করে, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হবেন। এক প্রেস বার্তায় এই খবর নিশ্চিত করেছেন উদয়পুর প্রেস ক্লাবের সম্পাদক জসীম উদ্দীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *