ডেস্ক রিপোর্টার, ৮ নভেম্বর।।
ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার
রাতাছাড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকার মানুষের যাতায়াতের জন্য এলাকার আনুয়াছড়ার উপর তৈরি হচ্ছে একটি পাকা কালভার্ট। আর সেই কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা। কালভার্ট নির্মাণকে শাসক দলের নেতাকর্মীরা যখন নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে, তখনই বিরোধীরা এই কাজে দুর্নীতির অভিযোগ তুলেছে প্রকাশ্যেই। তাদের অভিযোগ সেই কালভার্টের পাশে থাকা সাইট ওয়ালের কাজ হয়েছে নিম্নমানের। এতে ফাটল দেখা দিয়েছে ওয়ালে। এনিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেত্রী টুনুবালা মালাকার সহ জনাকয়েক লোকজন।
বিরোধীদের এই অভিযোগকে মিথ্যে অপপ্রচার এবং এলাকার উন্নয়নমূলক কাজে বাধাদান বলে বিরোধীদের কটাক্ষ এলাকার শাসক নেতৃত্ব সহ পঞ্চায়েত সদস্য এবং একাংশ এলাকার মানুষের।
এলাকার বাসিন্দা রিংকুরানি শীল জানান, বিগত ২৫ বছর ধরে ঐ গ্রামে ছড়া পারাপারের জন্য এলাকায় ছিলোনা উপযুক্ত একটি সেতু। কখনো লোহার জয়েস কিংবা কখনো নড়বড়ে কাঠের সেতু পেরিয়ে বিপদজনকভাবে যাতায়াত করতে হতো মানুষকে। কিন্তু বর্তমানে এলাকায় নতুন সেতু নির্মাণের কাজ শুরু হতেই সেই কাজে বিরোধীদের তরফ থেকে বাধাদান করা হচ্ছে। রিঙ্কু আক্ষেপ করে বলেন, মানুষের সমস্যা নিরসনের জন্য সরকার কাজ করছে। অথচ সিপিএমের লোকজন চাইছে না উন্নয়ন। তাতে গ্রামের মানুষ প্রচণ্ড ব্যথা পেয়েছে।

এদিকে গ্রামের দুই নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য অজিত ধর জানান, এলাকার প্রাক্তন বিধায়ক টুনুবালা মালাকার সাংবাদিকদের ডেকে এলাকার ব্রিজের কাজ নিম্নমানের হওয়ার যে অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন। প্রাক্তন বিধায়কের অভিযোগকে এদিন কার্যত নস্যাৎ করে দেন বর্তমান পঞ্চায়েত সদস্য। তার মতে, সেতু নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের নিয়ম অনুসারেই তৈরি করাহচ্ছে সেই সেতুটি। তিনি জানান সেতুর সাথে সাইড ওয়ালের যে ফাটলের কথা তুলে ধরা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যে। সেতু থেকে সাইড ওয়ালের যে ফাটল দেখানো হচ্ছে তা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে করে মাটির চাপে দেয়াল ভেঙে কোনো ক্ষতি না হয় সেতুর।

অজিত ধরের দাবি, ছড়ার উপর থাকা পুরনো লোহার জয়েস বিক্রির যে অভিযোগ তোলা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যে। মূলত জয়েসগুলি অন্যত্র সরিয়ে এক জায়গায় রাখা হয়েছে এবং পঞ্চায়েতের সিদ্ধান্তক্রমে সেই জয়েসগুলোকে এলাকার বিভিন্ন নালা এবং নর্দমার উপরে বাঁশের সেতুর পরিবর্তে বসানো হবে যাতায়াতের জন্য।

