স্পোর্টস ডেস্ক,১৭ নভেম্বর।।
কঠিন পরীক্ষার সামনে ত্রিপুরা। রঞ্জি ট্রফির খেলায়। রেলওয়েজের বিরুদ্ধে। ত্রিপুরা দলকে এই মুহূর্তে ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে লড়তে হবে। দ্বিতীয় দিনের খেলা শেষে রেলওয়েজ ত্রিপুরা থেকে ৩১০ রানে এগিয়ে রয়েছে। অন্তিম উইকেট এখনো তাঁদের হাতে বর্তমান। আগামীকাল (মঙ্গলবার) ম্যাচের তৃতীয় দিনের শুরুতে রেলওয়েজ আরও কিছুটা রান সংগ্রহ করার পর হয়তো তাদের প্রথম ইনিংস শেষ হবে। পরবর্তী সময়ে ত্রিপুরা দলকে সেই ৩ শতাধিক রানের টার্গেটে ব্যাট হাতে নামতে হবে। গুজরাটের বালসাডে সর্দার প্যাটেল স্টেডিয়ামে আজ, সোমবার ম্যাচের দ্বিতীয় দিনে রেলওয়েজ ১৫৯ রানের পাশাপাশি আট উইকেট হাতে নিয়ে খেলতে নেমে দিনভর ব্যাট চালিয়ে ৮৭ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ২৯৭ রান যোগ করে দিনের শেষে ৯ উইকেটে ৪৪৬ রানে পৌঁছে। রেলওয়েজ এগিয়ে রয়েছে ৩১০ রানে। রেলওয়েজের পক্ষে বি মেরাই-এর ১৬০ রান এবং মোহাম্মদ সাঈফের ১৫৮ রান যথেষ্ট উল্লেখযোগ্য। এছাড়া, মারাঠে সংগ্রহ করে ৭৮ রান। নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছেন আর কে চৌধুরী ব্যক্তিগত ১৯ রানে। অন্তিম উইকেট কুনাল যাদবকে নিয়ে আগামীকাল খেলতে নামবেন। রাজ্য দলের বোলার অভিজিৎ সরকার চারটি উইকেট পেয়েছেন ৬৯ রানের বিনিময়ে। এছাড়া, মনিশঙ্কর মুরাসিং ও অজয় সরকার পেয়েছেন দুটি করে উইকেট। স্বপ্নীল সিং পেয়েছেন একটি উইকেট।

