স্পোর্টস ডেস্ক, ৪ এপ্রিল।।
কার্যত অঘোষিত ফাইনাল রবিবার। খেতাবি দখলের লড়াইয়ে শীর্ষে থাকা শতদল সংঘ খেলবে জে সি সি – র বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। দু দলই আটটি করে ম্যাচ খেলে নিয়েছে। ৮ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে বিশ্বজিৎ পালের শত দল সংঘ। অপরদিকে সম-সংখ্যক ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জে সি সি এবং ব্লাড মাউথ ক্লাব। ম্যাচটিতে জয় পেলে শতদল সংঘ খেতাব জয় করে নেবে। অপরদিকে জে সি সি জয় পেলে অংক কষা শুরু হয়ে যাবে। আজ জে সি সি – র পাশাপাশি যদি ব্লাড মাউথ ক্লাব জয় পায় তাহলে তিন দলের পয়েন্ট হবে ৩০। তখন রান রেটে নির্ধারণ হবে খেতাব। এক্ষেত্রে বাড়তি কিছুটা সুবিধা পাবে শত দল সংঘ এমনই আশঙ্কা করা হচ্ছে। তবে এ নিয়ে ভাবতে নারাজ শত দল সংঘের কোচ বিশ্বজিৎ পাল।। শেষ ম্যাচের পরাজয়কে ভুলে আজ জে সি সি জয় করেই খেতাব বগলদাবা করতে বদ্ধপরিকর। অপরদিকে প্রথম লীগের পরাজয়ের পাশাপাশি খেতাব জয়ের স্বপ্নে আজ শত দল বধ করতে চাইছে জে সি সি। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠের অপর ম্যাচে ব্লাড মাউথ ক্লাব খেলবে হার্ভে ক্লাবের বিরুদ্ধে এবং টিআইটি মাঠে স্ফুলিঙ্গ ক্লাব খেলবে দুর্বল সংহতি ক্লাবের বিরুদ্ধে। রবিবার পরাজিত হলে আগামী বছর প্রথম ডিভিশনে নেমে যাবে সংহতি ক্লাব।

