ডেস্ক রিপোর্টার, ১লা এপ্রিল।।
আসন্ন পাহাড় নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার এডিসির ২৬ নম্বর বীরচন্দ্রনগর -কলসি কেন্দ্রের প্রার্থী সঞ্জীব রিয়াং- র সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।
এদিনের শান্তিরবাজারের জনসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তীর্যক ভাবে আক্রমণ করেন এডিসির বর্তমান শাসক দল তিপ্রামথাকে। মুখ্যমন্ত্রী বলেন, ভোটের ময়দানে নিজেদের শক্তি থাকতে হবে। এবং প্রয়োগ করতে হবে সেই শক্তির। তবে হতে হবে শান্তির জন্য।মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের মাধ্যমে কর্মীদের কি বার্তা দিতে চেয়েছেন, তা স্পষ্ট। কারণ নির্বাচনে লড়াই করতে প্রয়োজন শক্তির।
প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নাম না করে তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোরকে কটাক্ষ করে বলেন, ২০২১ সালে গ্রেটার তিপ্রাল্যান্ডের ডাক দিয়েছিলেন। কিন্তু এই গ্রেটার তিপ্রাল্যান্ড খায় না মাথায় দেয়।
শান্তির বাজারে এদিনের বিজেপি সভায় জনজাতি অংশের লোকজনের উপস্থিতি ছিলো লক্ষণীয়। জনজাতিরা যে এখন মথার উপর আস্থা রাখতে পারছে না, এটা প্রমাণ করে জনসভায় উপস্থিত লোকজনের সংখ্যা।

