কৈলাসহর ডেস্ক, ৩০ মার্চ।।
বিলের কোন্দলে অন্ধকারে গোটা পাড়া! বকেয়া বিল আদায়ের নামে গণহারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠল কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা ‘সাই কম্পিউটার লিমিটেড’-এর বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন কৈলাসহর ছনতৈল মুসলিমপল্লি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। এলাকাবাসীর অভিযোগ, সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা ছনতৈল মুসলিমপল্লি এলাকায় গিয়ে আগাম কোনো বার্তা না দিয়েই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রায় ১৫০টি পরিবারের বসবাস এই এলাকায়। বাসিন্দাদের দাবি, অন্তত ৭০ শতাংশ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেন। অথচ গুটিকয়েক মানুষের বকেয়া বিলের সাজা ভোগ করতে হচ্ছে সবাইকে। বিদ্যুৎ না থাকায় এলাকায় পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। শুধু তাই নয়, রান্নার গ্যাসের সংকটের কারণে ওই এলাকার বহু মানুষ ইলেকট্রিক চুলার ওপর নির্ভরশীল।

বিদ্যুৎহীন অবস্থায় উনুন বন্ধ হয়ে গেছে ঘরে ঘরে। চলছে বোর্ড পরীক্ষা, এমন সময়ে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। এলাকাবাসীর স্পষ্ট হুঁশিয়ারি— আধঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। যদিও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে, বিদ্যুৎ কখন আসবে সে বিষয়ে তারা কোনো নিশ্চয়তা দিতে পারেননি। স্বাভাবিক ভাবেই তপ্ত গোটা মুসলিম পল্লি।

