ধর্মনগর ডেস্ক,৭ ফেব্রুয়ারি।।
শনিবার উত্তর ত্রিপুরার ধর্মনগর বটরশি স্থিত এফসিআই গোডাউনে চরম উত্তেজনার সৃষ্টি হয়। গোডাউনের ইনচার্জ গৌরব বৈশিষ্ট ও কয়েকজন ট্রাক চালকের মধ্যে বচসা থেকে শুরু হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং শুরু হয় হাতাহাতি ও মারপিট।এই সংঘর্ষে বেশ কয়েকজন ট্রাক চালক গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে,সংঘর্ষে গোডাউন ইনচার্জ গৌরব বৈশিষ্টও সামান্য আহত হন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। আহত ট্রাক চালকদের পক্ষ থেকে ইনচার্জের বিরুদ্ধে দুর্ব্যবহার ও শারীরিক আক্রমণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ প্রশাসনিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

