আগরতলা, ৭ নভেম্বর।।
আগামী ১০ নভেম্বর থেকে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ৩০ তম বিশ্ব জলবায়ু সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করছেন ত্রিপুরা বরিষ্ঠ সাংবাদিক তথা পরিবেশ কর্মী ডঃ বিশ্বেন্দু ভট্টাচার্য।
এবছর সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেন শহরে। চলবে ২১ নভেম্বর। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের খবর সংগ্রহের জন্য ভারতের মোট আটজন সাংবাদিককে রাষ্ট্রসংঘ এবছর বেলেনে আমন্ত্রণ জানিয়েছে। সংবাদ সংস্থার ইউ এন আই -র প্রতিনিধি হিসেবে ডঃ ভট্টাচার্য সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনে এবছর ”জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা” নিয়ে বিশ্বের ছোট বড় প্রায় দুই শতাধিক দেশের প্রতিনিধিরা আলোচনা এবং নীতি-নির্ধারন করবেন।
ব্রাজিলের বেলেম শহরের পাশাপাশি ফ্রান্সের কয়েকটি স্থানেও সম্মেলনের সভা অনুষ্ঠিত হবে। সাংবাদিক ড: ভট্টাচার্য এই সম্মেলনের সংবাদ সংগ্রহের পাশাপাশি সম্মেলনে মধ্য এশিয়ার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নাগরিক উদ্যোগ সংক্রান্ত বিষয়েও বক্তব্য রাখবেন।
গত বছর আজারবাইজানে অনুষ্ঠিত ২৯ তম বিশ্ব জলবায়ু সম্মেলনেও ভারতের প্রতিনিধি দলের অঙ্গ হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গত দুই দশকের বেশি সময় ধরে ডঃ ভট্টাচার্য পরিবেশ কর্মী হিসেবে ত্রিপুরা তথা ভারতের উত্তর পূর্বাঞ্চলে কাজ করে আসছেন।

