গণঅবস্থানে উপস্থিত বক্তারা বলেন, রাজ্যে সাংবাদিকদের উপর বারবার আক্রমণ ও হুমকির ঘটনায় উদ্বেগ বাড়ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলেও তারা দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবিও জানান তারা।

ডেস্ক রিপোর্টার, ২৮ ফেব্রুয়ারি।।
            রাজ্যের শাসক জোটের দুই বিধায়ক রাম প্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা’কে গ্রেফতারের দাবি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার ঊনকোটি জেলা সাংবাদিকদের উদ্যোগে কৈলাসহরে অনুষ্ঠিত হলো তিন ঘন্টার গণঅবস্থান কর্মসূচি।
ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা এই গণঅবস্থানে সামিল হন। শুধু তাই নয়, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা থেকেও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি জ্ঞাপন করেন। রাজধানী আগরতলা, ধর্মনগর, কাঞ্চনপুর সহ ধলাই জেলার বিভিন্ন এলাকা থেকে সাংবাদিকরা এই কর্মসূচিতে যোগ দেন।
গণঅবস্থানে উপস্থিত বক্তারা বলেন, রাজ্যে সাংবাদিকদের উপর বারবার আক্রমণ ও হুমকির ঘটনায় উদ্বেগ বাড়ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলেও তারা দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানান তারা।
   আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায় বলেন, ” বিধায়ক রাম প্রসাদ পাল বিজেপির পতাকা উড়িয়ে সম্পাদকের বাড়ির সামনে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। এটা কোনো ভাবেই মানা যায় না। বিধায়ক রঞ্জিত দেববর্মা সম্পর্কে তিনি বলেন, রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে খবর সম্প্রচার হয়েছে। অথচ তার কোনো জবাব না দিয়ে সমাজ মাধ্যমে মিথ্যা অপবাদ দিতে শুরু করেছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বরাবর সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আশ্বাস দিয়ে থাকেন। এটা একটা স্বস্তির বিষয়। তবে সাংবাদিকরা বসে থাকবে না। ধারাবাহিক ভাবেই তারা প্রতিবাদ কর্মসূচি জারি রাখবে।
     শানিত দেবরায়ের বক্তব্য, সংবাদ মাধ্যম কাজ করে মানুষের জন্য। যদি তারা বিচার না পায়, তাহলে কিভাবে রাজ্যকে স্তব্ধ করে দিতে হয় তা সংবাদ মাধ্যম ভালো করেই জানে।
    এদিনের তিন ঘন্টার এই শান্তিপূর্ণ গণঅবস্থানে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ বার্তা দেন—সত্যের পথে চলতে গিয়ে কোনো ভয়ভীতি মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন উপস্থিত সাংবাদিকরা।
কৈলাসহরে অনুষ্ঠিত এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন  হেড লাইন্স ত্রিপুরার সম্পাদক প্রনব সরকার, নিউজ ভ্যানগার্ডের সম্পাদক সেবক ভট্টাচার্য, নিউজ নাউ- র সম্পাদক ড:  বিশ্বেন্দু ভট্টাচার্য, জনতার মশাল- র সম্পাদক অভিজিৎ ঘোষ, নর্থ ইস্ট হেরাল্ড- র সম্পাদক সুব্রত ঘোষ, পাবলিক নাউ ও খুম্পুই টিভি চ্যানেলের সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য ও মানস দেববর্মা, উদয়পুর প্রেস ক্লাবের সম্পাদক জসিম উদ্দিন সহ  রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক ঝাঁক সম্পাদক – সাংবাদিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *