ডেস্ক রিপোর্টার, ৭ আগস্ট।।
বিশ্রামগঞ্জ কাণ্ডের জট খুলতে শুরু করেছে পুলিশ। যাত্রীবাহী চলন্ত বাসে এক জনজাতি যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে সুকুমার বণিক নামে এক যুবককে। তার বাড়ি বিশালগড় চন্দ্রনগর এলাকায়। বুধবার গভীর রাতে সিপাহীজলা জেলার ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সুকুমারকে গ্রেফতর করে। বৃহস্পতিবার দুপুরে তদন্তকারী পুলিশ ধৃত সুকুমারকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে। এবং তার পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে অভিযুক্ত সুকুমারকে তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়।
প্রসঙ্গত যাত্রীবাহী চলন্ত বাসে যুবতীকে শ্লীলতাহানির ঘটনা কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল বিশ্রামগঞ্জ। যুবতীর ভাই সহ কিছু দুষ্কৃতি অভিযুক্তের সন্ধানের নামে এই বাসের মধ্যে হামলা করেছিল ।তাতে প্রচুর যাত্রী আহত হন। শেষে দুষ্কৃতিদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছিল পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে গোটা বিশ্রামগঞ্জ এলাকায় শুরু হয়েছিল সাম্প্রদায়িক সুড়সুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে গোটা বিশ্রামগঞ্জ জারি করা হয়েছিল কারফিউ। শেষ পর্যন্ত অভিযুক্ত সুকুমার বনিককে গ্রেপ্তারের পর ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বিশ্রামগঞ্জ। তদন্তকারী দাবি পুলিশের।

