ডেস্ক রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি।।
          গোটা দেশের সঙ্গে রাজ্যেও বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বনধে তেমন কোনো সাড়া পায় নি কমিউনিস্টরা। তবে বিক্ষিপ্ত ভাবে বৃহস্পতিবার কিছু কিছু জায়গাতে মিশ্র সাড়া লক্ষ্য করা গিয়েছে। তাতে অবশ্যই রাজ্যে বামপন্থীদের সার্বিক শক্তির বহিঃ প্রকাশ ঘটে নি।
     এদিনে সকালে রাজ্য সিপিআইএম নেতৃত্ব শহরে বনধের সমর্থনে পিকেটিং করে। রাজপথে করে মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সিপিআইএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ সমস্ত নেতৃত্ব।
     মিছিলে উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কেন্দ্রীয় সরকারের শ্রম কোর্টে বিরুদ্ধে এই ধর্মঘট। শুধু তাই নয়, কৃষক ও কৃষি বাঁচাতে এই ধর্মঘট। তিনি বলেন, রেগা বন্ধ করে শ্রমিকদের সস্তায় খাটানোর ফন্দি করেছে কেন্দ্রীয় সরকার। তাতে সস্তায় শ্রমিকদের খাটাতে পারবে। তার বিরুদ্ধে এই আন্দোলন। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত সরকারের নতুন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে এই ধর্মঘট।
     মানিক সরকারের সুরেই কথা বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী গোটা দেশটাকে বিক্রি করে দিয়েছেন বিদেশের কাছে। তার প্রতিটি সিদ্ধান্ত শ্রমিক – কৃষক স্বার্থ বিরোধী।
     আগরতলার মতো রাজ্যের অন্যান্য জেলা ও মহাকুমাতেও বনধের সমর্থনে পিকেটিং করেছে সিপিআইএম। তবে বনধ কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *