চুরাইবাড়ি ৮ জুলাই ।।
      ত্রিপুরা রাজ্যে চলছে সুশাসন ! এই সুশাসনে পরিলক্ষিত হচ্ছে “মাৎস্য ন্যায়”। ভারতীয় জনতা পার্টির ক্ষমতাশালী নেতা – কর্মীরা গিলে খাচ্ছে তাদের স্ব-দলীয় দুর্বল কর্মীদের। গোটা রাজ্যে এরকম ঘটনার বহু দৃষ্টান্ত রয়েছে। সর্বশেষ নিদর্শন উত্তর ত্রিপুরা জেলার কদমতলার সরস পুর গ্রামে। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে সরসপুর গ্রামের বিজেপির মাতব্বর বিপুল নাথ প্রচন্ড ভাবে মারধর করেছে কৃষক গৌরমনি নাথকে(৪২)। তার বাড়ি কদমতলা থানার কালাগাঙ্গের পার পঞ্চায়েতের ১ নম্বরে ওয়ার্ডে। অর্থের অভাবে বিনা চিকিৎসার জন্য কুড়ের ঘরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভাজপার গরীব একনিষ্ঠ কর্মী গৌরমনি। অভিযুক্তরা হলো বিপুল নাথ, বিদ্যুৎ নাথ, চন্দন নাথ, সমীর নাথ, সুবোধ নাথ, সুজিত নাথ ও সমু নাথ। তারা বাড়ি সরসপুর গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের বিরুদ্ধে কদমতলা থানায় মামলা (৩৬/২৫)দায়ের  করেছেন।তাদের অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(২)/১১(১)/৩(৫) ধারায় মামলা রুজু করেছে। তবে খবর লেখা পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই।

আহত গৌরমনি নাথ জানিয়েছেন, গত বছর দুয়েক ধরেই তিনি বিপুল নাথের বাড়িতে  কাজ করতেন। তাই বিপুলের বাড়িতে তার ছিলো নিয়মিত যাতায়াত।কাজের সুবাদে গৌরমনি তার কাছে থাকা গাছ কাটার করাত রেখে এসেছিলেন বিপুলের বাড়িতে। গত দুই জুলাই তিনি করাত আনতে গেলে বিপুল নাথ তার উপর মিথ্যা অভিযোগ আনে। কি সেই অভিযোগ?
  বিপুলের বক্তব্য ছিলো, সে নাকি চাল কেনার জন্য গৌরমনিকে টাকা দিয়েছিলো। সেই টাকা ফেরত দেওয়ার জন্য গৌরমণিকে চাপ দেয়। গৌরমনির পাল্টা বক্তব্য ছিলো, বিপুলের দাবী সম্পূর্ণ মিথ্যে।
             আহত গৌরমনি নাথের কথায়, টাকা ফেরৎ ইস্যু নিয়ে বিপুল রেগে আগুণ হয়ে উঠে। এবং তাকে মারধর করে। শুধু বিপুল নয়, তার পরিবারের অন্যান্য সদস্যরাও গৌরমনিকে এলোপাথাড়ি মারধোর করে। শেষ পর্যন্ত তাকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে দেয় রক্তাক্ত অবস্থায়। বিপুল নাথ ও তার লোকজন স্পষ্ট ভাবেই প্রকাশ্যে চিৎকার করে বলে, ” আমরা বিজেপি নেতা,আমাদের কথাতেই চলে স্থানীয় সংগঠন। পুলিশও কিছুই করবে না।”তাদের এই হুঙ্কারে স্থানীয় লোকজনও ভরকে উঠে।
       শেষ পর্যন্ত স্থানীয় উপ-প্রধানের হস্তক্ষেপে পুলিশ রক্তাক্ত গৌরমনিকে হাসপাতালে নিয়ে যায়। গৌরমনিরকে উন্নত চিকিৎসার জন্য উত্তর জেলার জেলা হাসপাতাল থেকে আগরতলার জিবিতে রেফার করা হয়েছিলো। এরপর জিবি থেকে রেফার করা হয় বহিঃ রাজ্যে। কিন্তু অর্থের অভাবে চিকিৎসার জন্য বহিঃ রাজ্যে যাওয়া তার পক্ষে সম্ভব হয় নি। বিনা চিকিৎসায় বাড়িতেই পড়ে আছেন বিজেপির দুর্বল কর্মী গৌরমণি নাথ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *