ডেস্ক রিপোর্টার,৭ নভেম্বর।।
রাজ্যের শাসক গোষ্ঠীর দুই শরিক বিজেপি ও তিপ্রামথার নানান রাজনৈতিক ঢামাঢোলের মধ্যেই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর। শুক্রবার দুপুরে প্রদ্যুৎ মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে ছুটে যান। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ নানান ইস্যুতে আলোচনা করেন।
সামনেই এডিসি নির্বাচন। আসন্ন নির্বাচনে শাসক গোষ্ঠীর রণ কৌশল কি হবে? তারা কি জোট হয়েই লড়বে নাকি, শেষ নির্বাচনের মতো পৃথক ভাবে লড়াই করবে। এই সমস্ত প্রশ্নের জল্পনা যখন তুঙ্গে ওঠে,তখন প্রদ্যুৎ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, এডিসি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয় নি। আলোচনা হয়েছে তিপ্রাসাদের অধিকারের বিষয় নিয়ে।
সম্প্রতি প্রদ্যুৎ কিশোরের দল নানান ভাবে আক্রমণ করেছিল মুখ্যমন্ত্রীকে। তাছাড়া তিপ্রাসা সম্প্রদায়ের লোকজনও মুখ্যমন্ত্রীকে বাংলাদেশী বলে দিয়েছিল স্লোগান।শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর কুশ পুতুল পুড়িয়ে ছিলো। যদিও এই সমস্ত বিষয় নিয়ে নিশ্চুপ ছিলো প্রদেশ বিজেপি এবং খোদ স্বরাষ্ট্র দপ্তর। বিজেপি ও মুখ্যমন্ত্রীর দপ্তরের এই নীরবতা নিয়েও জনমনে উঠছে প্রশ্ন।

