ডেস্ক রিপোর্টার ,১৭ আগস্ট।।
টিপিএসসির চিকিৎসক নিযুক্তির পরীক্ষায় এবার মুখ খুললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার নারী নেত্রী তনুশ্রী ত্রিপুরা। গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে হতাশা ব্যক্ত করেন এই জনজাতি নেত্রী। যে সমস্ত তিপ্রাসা পরীক্ষার্থী লজ্জা জনক নম্বর পেয়ে পাশ করেছেন, তাদেরকে চাকরি ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি। টিপিএসসিকে প্রকারন্তে কটাক্ষ করেন তিনি। তনুশ্রী বলেন, টিপিএসসির একটা নূন্যতম স্ট্যান্ডার্ড থাকা দরকার। যে সব পরীক্ষার্থীদের নাম উত্তীর্ণের তালিকায় স্থান পেয়েছে তারা সরকারি না বেসরকারি কলেজ থেকে সার্টিফিকেট নিয়েছেন, তাও খতিয়ে দেখা দরকার। এটা গোটা কমিউনিটির লজ্জা। তনুশ্রী ঘুরিয়ে বলেন, কম নম্বরে ডাক্তার হওয়াটা কোনো জাতির প্রতি দয়া দক্ষীণ্যতা নাকি।

সম্প্রতি টিপিএসসির প্রকাশিত ডাক্তারদের তালিকা নিয়ে বহু জল ঘোলা হয়। তালিকায় দেখা যায় জনজাতি সম্প্রদায়ের পরীক্ষার্থীরা একেবারে নগন্য নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। এই নম্বর পেয়ে ডাক্তার হওয়া ছাত্র – ছাত্রীরা রোগীদের কি চিকিৎসা করবেন? তা নিয়ে প্রশ্ন উঠছে ।সমালোচনার ঝড় বইছে রাজ্য জুড়ে। তার মধ্যে বিজেপির মহিলা মোর্চার জনজাতি নেত্রী তনুশ্রী ত্রিপুরার এই বক্তব্য রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্য পূর্ণ।

