কৈলাসহর ডেস্ক, ১৩ আগস্ট।।
কৈলাসহর গৌরনগরের ১৩২কেভি লাইনের প্রসার এবং ধর্মনগরের মিশনটিলা থেকে কৈলাসহর অব্দি নবনির্মিত ১৩২কেভি ট্রান্সমিশন লাইনের উদ্ধোধন হয়েছে বুধবার। কৈলাসহরের গৌরনগর ১৩২কেভি সাবস্টেশন কেন্দ্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, সমাজ কল্যান দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার, ঊনকোটি জেলা পরিসদের সদস্য বিমল কর, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা পাল দাস, বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। প্রদীপ প্রজ্জ্বলন করে বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে উদ্ধোধন হয়েছে নবনির্মিত ট্রান্সমিশন লাইনের। উদ্ধোধনের পর মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা নবনির্মিত ট্রান্সমিশন ঘুরে দেখেন। উদ্ধোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানান, ” কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ষাট কোটি টাকা ব্যয়ে এই ট্রান্সমিশন কেন্দ্রটি নির্মিত হয়েছে। এই ট্রান্সমিশন নির্মাণের ফলে কৈলাসহর, শ্রীরামপুর, চন্ডীপুর, গৌরনগর, টিলাবাজার, বিলাশপুর, মনুভ্যালী, রাংরুং, বাবুরবাজার সহ মোট নয়টি জায়গায় চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ পরিসেবা প্রদান করা হবে”।বিদ্যুৎ মন্ত্রী আক্ষেপ করে বলেন, বর্তমানে কৈলাসহর মহকুমায় বৈধ গ্রাহকের সংখ্যা ৪৬০০০।
তবে বিদ্যুৎ বিল পরিশোধ হয় মাত্র ছত্রিশ শতাংশ। গৌরনগর এলাকায় ১৩২কেভি ট্রান্সমিশন কেন্দ্রের উদ্ধোধনের পর মন্ত্রী রতন লাল নাথ ও টিঙ্কু রায় চলে যান কৈলাসহরের ছনতৈল এলাকায়। সেখানে নবনির্মিত কৃষক বন্ধু কেন্দ্রের উদ্ধোধন করেন। কৃষক বন্ধু কেন্দ্রের উদ্ধোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রী ছাড়াও কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উদ্ধোধনী অনুষ্ঠানে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।দেওয়া হয় কৃষকদের সংবর্ধনা।

