একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দেয়, শুধু এডিসি নির্বাচন নয়, গত দশ বছর ধরে না হওয়া ভিলেজ কমিটির নির্বাচনও করতে হবে। ভিসি নির্বাচন অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচনের সঙ্গেই।
ডেস্ক রিপোর্টার,১১ ফেব্রুয়ারি।। দরজায় কড়া নাড়ছে এডিসি নির্বাচন। এখনো ঘোষণা হয় নি নির্বাচনের দিনক্ষণ। তবে গোটা রাজ্যের পাহাড়ি অঞ্চলে তৈরী হচ্ছে নির্বাচনী আবহ। ইতিমধ্যে প্রতিটি রাজনৈতিক দল মাঠে নেমেছে। শুরু করেছে প্রচার।এই পরিস্থিতিতে এডিসি নির্বাচন ও ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে তিপ্রামথার দায়ের করা মামলার রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট।বুধবার এই মামলার রায় ঘোষণা করে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় খুব শীঘ্রই এডিসি নির্বাচন করতে হবে। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।
একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দেয়, শুধু এডিসি নির্বাচন নয়, গত দশ বছর ধরে না হওয়া ভিলেজ কমিটির নির্বাচনও করতে হবে। ভিসি নির্বাচন অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচনের সঙ্গেই।
সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লিখেন ,” দেশের সর্বোচ্চ আদালতে বড় জয় তিপ্রামথার! আসন্ন এডিসি নির্বাচনে সঙ্গে ভিলেজ কমিটির নির্বাচন করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। বুধবার এই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই রায়ের ফলে দীর্ঘ ১০ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটির নির্বাচন।”
সুপ্রিম কোর্টের এই রায়ের পর চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। এডিসি নির্বাচনে কাঠি ঢাকে পড়তে আর বেশি সময় ব্যয় করবে না নির্বাচন কমিশন।