সাব্রুম ডেস্ক,৩রা মার্চ।।
এডিসির ২৭-নম্বর পূর্ব মুহুরীপুর-ভুরাতলী কেন্দ্রে নলছড়ি এলাকায় বিজেপির প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর। অভিযোগের তীর তিপ্রামথার দিকে। ঘটনা শুক্রবার দুপুরে। এই ঘটনার পর গোটা এলাকায় বিরাজ করে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, এদিন দলীয় প্রচার গাড়ি নিয়ে নেতা – কর্মী – সমর্থকরা পূর্ব মুহুরীপুর-ভুরাতলী কেন্দ্রে প্রচারের কাজে বের হয়। এমন সময় রাস্তায় তিপ্রামথার উগ্র সমর্থকরা বিজেপির প্রচার গাড়িতে হামলা চালায়। গাড়িতে থাকা ভাজপার কর্মীদের মারধর করে। নির্বিচারে ভাঙচুর করে বিজেপির প্রচার গাড়ি।

খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় দক্ষিণ জেলার বিজেপি নেতৃত্ব। ঘটনা পুলিশকে অবহিত করে। তবে এডিসির বিভিন্ন জায়গাতে বিজেপির প্রার্থীরা মথার দাপটে সঠিক ভাবে প্রচারই করতে পারছে না বলে দাবী ভাজপা নেতৃত্বের।

