কুশাভাউ ভবন থেকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্যের স্বাক্ষরিত প্রার্থীর তালিকায় মহিলা প্রার্থীদের সংখ্যা খুবই নগণ্য। এখানে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের বিষয়টি মানা হয় নি বলে দাবি বিজেপির মহিলা নেত্রীদের। নিয়ম অনুযায়ী, ৯-১০ জন মহিলা প্রার্থী থাকার কথা। কিন্তু তালিকায় থাকা মহিলা প্রার্থীদের দূরবীন দিয়ে দেখতে হচ্ছে।
ডেস্ক রিপোর্টার, ২৪ মার্চ।।
প্রত্যাশিত ভাবেই জোট ধর্মকে বিশবাও জলে ঠেলে দিয়ে আসন্ন এডিসি নির্বাচনে একক ভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলো প্রদেশ বিজেপি। অবশ্যই এর আগে শাসক জোটের তৃতীয় শরিক আইপিএফটি একক ভাবে প্রথম দফায় নয় আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মঙ্গলবার বড় শরিক বিজেপিও সবকটি আসনে প্রার্থী দিয়ে পাহাড় রাজনীতিতে নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছে। বিজেপি বুঝিয়ে দিয়েছে,পাহাড় দখলের লড়াইয়ে তারা পিছিয়ে নেই দ্বিতীয় শরিক তিপ্রামথা থেকে।
কুশাভাউ ভবন থেকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্যের স্বাক্ষরিত প্রার্থীর তালিকায় মহিলা প্রার্থীদের সংখ্যা খুবই নগণ্য। এখানে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের বিষয়টি মানা হয় নি বলে দাবি বিজেপির মহিলা নেত্রীদের। নিয়ম অনুযায়ী, ৯-১০ জন মহিলা প্রার্থী থাকার কথা। কিন্তু তালিকায় থাকা মহিলা প্রার্থীদের দূরবীন দিয়ে দেখতে হচ্ছে।

বিজেপির বরাবর পরিবার তান্ত্রিক রাজনীতির আদ্যা শ্রাদ্ধ করে থাকে। জাতীয় রাজনীতিতে তারা কংগ্রেসের গান্ধী পরিবারকে নিয়ে বলে থাকেন নানান কথা। কিন্তু বাস্তব অর্থে বিজেপিও পরিবার তন্ত্রের বাইরে যেতে পারে নি। প্রদেশ বিজেপির প্রার্থী তালিকায় জ্বলজ্বল করছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার মেয়ের জামাতা বিল্ল জমাতিয়ার নাম। তাকে এডিসির ১১- নম্বর কেন্দ্র ( মহারানীপুর – তেলিয়ামুড়া) থেকে প্রার্থী করা হয়েছে। এতো দিন মেয়ের জামাতা ছিলেন বিকাশ দেববর্মার সিএ। এখন তিনি বাগিয়ে নিয়েছেন এডিসির টিকিট। এখানেই পরিবার তন্ত্রের বালিহারি।
এডিসির তিনটি সাধারণ ক্যাটাগরির কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন তিন ভাগ্যবান বাঙালি। মরছড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন মঞ্জু রানি সরকার। দশদা কাঞ্চনপুরে প্রার্থী হয়েছেন শৈলেন্দ্র নাথ ও মনু – ছইলেংটা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকেশ দত্ত বড়ুয়া। টিকিট প্রাপকদের তালিকায় থাকা উল্লেখ্যযোগ্য প্রার্থীরা হলেন ,প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, জনজাতি মোর্চার নেতা ডেভিড দেববর্মা, পদ্মলোচন ত্রিপুরা, ভূমিকা নন্দ রিয়াং, বিমল চাকমা, সঞ্জীব রিয়াংরা।
প্রদেশ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, তারা খুবই আত্মবিশ্বাসী। দলীয় প্রার্থীরা আসন্ন নির্বাচনে একক ভাবেই দখল করবে খুমুলুঙ। এটা নিশ্চিত।

