“পাহাড়ের বিরোধী দল বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে হঠাৎ করে সঙ্ঘবদ্ধ ভাবে তিপ্রামথার গুণ্ডা বাহিনী খুমুলুঙ বিজেপি অফিসে হামলা করে। গুঁড়িয়ে দেয় গোটা অফিস। তখন অফিসে থাকা বিজেপি কর্মীরাও আহত হয়। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজেপি নেতৃত্ব।”
ডেস্ক রিপোর্টার,১৯ নভেম্বর।।
এডিসির শাসক – বিরোধী দুই রাজনৈতিক দলের সংঘর্ষে তপ্ত পাহাড়ের সদর দপ্তর খুমুলুঙ। বিরোধী দল বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে শাসক তিপ্রামথার গুণ্ডা বাহিনী তাদের খুমুলুঙস্থিত পার্টি অফিস গুড়িয়ে দেয়। শাসক দল তিপ্রামথার পাল্টা অভিযোগ, মঙ্গলবার রাতে খুমুলুঙ বিজেপি পার্টি অফিসের সামনে প্রচণ্ড মারধর করে গেরুয়া বাহিনী। বর্তমানে মথার আহত তিন কর্মী খুমুলুঙ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনায় টগবগ করছে গোটা খুমুলুঙ।
প্রদ্যুৎ কিশোরের দলের অভিযোগ, মঙ্গলবার রাতে খুমুলুঙ পার্কস্থিত রাস্তা ধরে যাচ্ছিলো মথার তিন কর্মী। বিজেপি অফিসের সামনে আসতেই তাদের রাস্তা অবরোধ করে গেরুয়া বাহিনীর কর্মীরা। এনিয়ে দুই পক্ষের মধ্যে চলে বাকবিতণ্ডা। এক সময় পরিস্হিতি তপ্ত হলে উপস্থিত বিজেপি কর্মীরা মথার কর্মীদের উপর আক্রমণ করে। প্রচণ্ড ভাবে তাদের করা হয় মারধর। এই খবর ছড়িয়ে পড়তেই মথার অন্যান্য কর্মীরা ছুটে আসে খুমুলুঙ পার্কস্থিত বিজেপি অফিসের সামনে। এবং তারা করে পাল্টা আক্রমণ।

পাহাড়ের বিরোধী দল বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে হঠাৎ করে সঙ্ঘবদ্ধ ভাবে তিপ্রামথার গুণ্ডা বাহিনী খুমুলুঙ বিজেপি অফিসে হামলা করে। গুঁড়িয়ে দেয় গোটা অফিস। তখন অফিসে থাকা বিজেপি কর্মীরাও আহত হয়। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে তিপ্রামথার নেতারাও ছুটে যান রাধাপুর থানায়। দায়ের করেন মামলা।আহতদের দেখতে যান খুমুলুঙ হাসপাতালে। সব মিলিয়ে এই ঘটনার পর পাহাড়ের শাসক – বিরোধী একে অপরের উপর দোষারোপ করতে শুরু করেছে। অবশ্যই রাজ্য রাজনীতিতে উভয়েই শাসক গোষ্ঠী।
রাজ্যের বাম রাজনীতিকদের কথায়, সামনেই এডিসি নির্বাচন। তার আগে বিজেপি ও তিপ্রামথার নিচু তলার কর্মীদের মধ্যে আগাম ক্রিপ্ট তৈরি করে সংঘর্ষ লাগিয়ে বাজার গরম করতে চাইছে উভয়ে রাজনৈতিক দল। পাহাড় রাজনীতির সংঘর্ষের মধ্য দিয়ে বিজেপি- মথা উভয় শিবিরের থিঙ্ক ট্যাঙ্ক সাধারণ জনজাতিদের বার্তা দিতে চাইছে তারা একে, অপরের শত্রু। এই সমীকরণকে সামনে রেখে সাধারণ মানুষের আই – ওয়াশ করেছে। এবং ভোট ময়দান থেকে ক্রিম আহরণ করার জন্য যৌথ ভাবে নতুন স্ক্রিপ্ট রচনা করেছে আনারস ও গৈরিক শিবির।

