ধর্মনগর ডেস্ক, ৩রা এপ্রিল।।
   আগামী ৯ই এপ্রিল ৫৬-বিধানসভা কেন্দ্রের ভোটাররা তাঁদের নতুন প্রতিনিধি বেছে নেবেন। তবে ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই রণক্ষেত্রে নেমে পড়েছিলেন বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্ত। আজ ফের দলীয় কর্মীদের সাথে নিয়ে জোরকদমে জনসংযোগ সারলেন তিনি।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ই এপ্রিল ধর্মনগরে উপনির্বাচন। গত ১৬ই মার্চ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও, অমিতাভ দত্তের প্রচার শুরু হয়েছে তারও আগে থেকে। আজ ২৯ নং বুথ এলাকায় লিফলেট হাতে প্রতিটি বাড়িতে পৌঁছে যান তিনি। এলাকাবাসীর সমস্যার কথা শোনার পাশাপাশি তুলে ধরছেন উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা।  বিরোধী শিবিরের আগেভাগে ময়দানে নেমে পড়া শাসক দল বিজেপির ওপর কিছুটা বাড়তি চাপ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও অমিতাভ দত্তের দাবি, তাঁরা সারা বছর মানুষের পাশেই থাকেন, তাই ভোট ঘোষণা তাঁদের কাছে নিছক একটি তারিখ মাত্র।
ভোটের দিন ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে অনেক আগে থেকেই। আমরা মাটির মানুষের সাথে সরাসরি সংযোগে বিশ্বাস করি। ৯ই এপ্রিল মানুষ কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ভোট দিয়ে যোগ্য জবাব দেবেন।
ধর্মনগরের দীর্ঘদিনের বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই আসনটি শূন্য হয়েছিল। এখন দেখার, আগাম প্রচারের এই সুফল শেষ পর্যন্ত বামফ্রন্ট ঘরে তুলতে পারে কি না, নাকি অন্য কোনো সমীকরণ দেখা দেয় ৪ঠা মে-র ফলাফলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *