স্পোর্টস ডেস্ক, ৩রা এপ্রিল।।
শত দল সংঘের বিজয় রথ থামিয়ে দিল ব্লাড মাউথ ক্লাব। কমলা কালো দলের ক্রিকেটারদের দাপটে সুপার ডিভিশন লিগ জমে উঠলো। এদিন শত দল সংঘ পরাজিত হওয়ায় আসরের খেতাব নির্ণায়ক ম্যাচ হবে ৫ এপ্রিল। ঐদিন শতদল সংঘের মুখোমুখি হবে জেসিসি। এই ম্যাচের ফলাফলের উপরেই নির্ধারিত হবে কোন দল এ বছর সুপার ডিভিশন ট্রফি ঘরে তুলবে। শুক্রবার বিক্রম কুমার দাসের দুরন্ত শতরানে ব্লাড মাউথ ক্লাব পরাজিত করে খেতাবের অন্যতম দাবিদার তথা শীর্ষে থাকা শতদল সংঘকে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্লাড মাউথ ক্লাব জয় লাভ করে চার উইকেটে। শত দল সংঘের গড়া ১৯৮ রানের জবাবে ব্লাড মাউথ ক্লাব ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের বিক্রম কুমার দাস ১০৬ রানের চোখ ঝলসানো উপহার দেন। এদিন প্রথম লীগে পরাজয়ের সুমধুর বদলা নিল ব্লাড মাউথ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থায় আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে মূলত দলের নিচের সারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় ১৯৮ রানে গুটিয়ে যায় শতদল সংঘ। দলের পক্ষে রিমন সাহা ৬২ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৪৭, ওঙ্কার যাদব ৬৬ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, অরিন্দম বর্মন ১৮ বল খেলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২, তন্ময় ঘোষ ৩২ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং দেব বানালে ৪৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। ব্লাড মাউথ ক্লাব এর পক্ষে সঞ্জয় মজুমদার ৪০ রানে তিনটি, বৎসল সিং ২৮ রানে, মনি শংকর মুড়া সিং ৩৯ রানে এবং দীপ্তনু চক্রবর্তী ৫০ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ব্লাড মাউথ ক্লাব ২৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলকে দুরন্ত জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেন ওপেনার তথা রঞ্জি দলের অন্যতম ক্রিকেটার বিক্রম কুমার দাস। বিক্রম ৭১ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৬ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। এছাড়া দলের পক্ষে উদয়ন বসু ২৩ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩৬ এবং বিশাল ঘোষ ৩৫ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। শত দল সংঘের পক্ষে চিরঞ্জিত পাল ৪৯ রানে চারটি উইকেট দখল করেন। আসরে নয় ম্যাচ খেলে শতদল সংঘের পয়েন্ট ৩০ এবং ব্লাড মাউথ ক্লাবের পয়েন্ট ২৬।

