অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, লোকসভার স্পিকার হিসেবে, শাসক দল আপনাকে বিরোধী দলের মহিলা সাংসদদের বিরুদ্ধে ভুয়ো, ভিত্তিহীন এবং মানহানিকর অভিযোগ করতে বাধ্য করেছে।’
ডেস্ক রিপোর্টার,৯ ফেব্রুয়ারি।
বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার জল্পনার মধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে লিখিতভাবে ক্ষোভ জানালেন কংগ্রেসের মহিলা সাংসদেরা। তাঁদের অভিযোগ, ইচ্ছা করে তাঁদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হচ্ছে শাসক দল বিজেপির তরফে।
বিরোধীদের ক্ষোভ মূলত তুঙ্গে ওঠেছিলো গত বৃহস্পতিবার। সে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাজেটের জবাবি ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু লোকসভার অধিবেশন শুরুর আগেই বিরোধীদের প্রতিবাদ ও স্লোগানের জেরে মুলতুবি করে দেওয়া হয়। স্পিকার বলেন, ‘বিরোধী দলের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অপ্রত্যাশিত কিছু করতে পারেন’, এই তথ্য পেশ করে তিনি সংসদ মুলতুবি করে দেন। এই আবহে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছেন বিরোধীরা। তারমধ্যেই সোমবার কংগ্রেসের মহিলা সাংসদরা একটি চিঠি লিখেছেন ওম বিড়লাকে। চিঠিতে স্পিকারের মন্তব্যকে তাঁরা ‘ভুয়ো, ভিত্তিহীন এবং মানহানিকর’ বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে তাঁরা সরকারের বিরুদ্ধে বিরোধী দলের সংসদীয় অধিকার হরণ করার অভিযোগ করেছেন। চিঠিটি সাংসদ এস জোথিমানি নেতৃত্বে স্পিকারকে দেওয়া হয়।
চিঠিতে, মহিলা সাংসদরা স্পিকার ওম বিড়লাকে জানিয়েছেন যে তাঁদের বিক্ষোভ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেই ছিল। চিঠিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখ এবং সাংবিধানিক দায়িত্ববোধের সঙ্গে এই চিঠিটি লিখছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, লোকসভার স্পিকার হিসেবে, শাসক দল আপনাকে বিরোধী দলের মহিলা সাংসদদের বিরুদ্ধে ভুয়ো, ভিত্তিহীন এবং মানহানিকর অভিযোগ করতে বাধ্য করেছে।’ প্রধানমন্ত্রীর ভাষণ না দেওয়ার বিষয়ে তাঁরা বলেছেন, ‘আমাদের কোনও হুমকির জন্য নয়, বরং ভয়ের কারণে তিনি সংসদে অনুপস্থিত ছিলেন। বিরোধী দলের মুখোমুখি হওয়ার সাহস তাঁর ছিল না।’ মহিলা সাংসদদের দাবি, লোকসভার স্পিকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। তাঁদের অভিযোগ, অধিবেশন চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভাষণে বারবার বাধা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময়, নিয়ামানুযায়ী শাসক দল এবং বিরোধী দল উভয়কেই বলার অনুমতি দেওয়া হয়, পরে প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দেন। কিন্তু গত চার দিন ধরে, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ইচ্ছাকৃতভাবে লোকসভায় সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এটি নজিরবিহীন ঘটনা।’ পাশাপাশি চিঠিতে বাজেট অধিবেশনের মধ্যে আটজন বিরোধী সাংসদের বরখাস্তের কথাও উল্লেখ করা হয়েছে।( সূত্র: এইচটিবি)

