ডেস্ক রিপোর্টার, ১২ জানুয়ারি।।
দেশব্যাপী বামেদের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে কৈলাসহরে। বৃহস্পতিবার সকাল থেকেই স্তব্ধ ছিলো কৈলাসহরের জনজীবন। শুনশান ছিলো গোটা শহর।দোকানপাট থেকে শুরু করে যান চলাচল—সবই প্রায় বন্ধের মুখে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা ছড়াতেই আটক করা হয়েছে প্রায় শতাধিক সিপিআইএম কর্মীদের।
এদিন সকাল থেকেই শহরের প্রতিটি বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঝাঁপ বন্ধ ছিলো। বন্ধ ছিলো দূরপাল্লার যানবাহন।যদিও অফিস-আদালত এবং স্কুল-কলেজ খোলা ছিলো।, তবে সাধারণ মানুষের উপস্থিতি ছিল না বললেই চলে। নিরাপত্তার স্বার্থে শহরকে মুড়িয়ে ফেলা হয়েছিলো নিরাপত্তার চাদরে।

এদিন সকালে সিপিআইএম নেতৃত্ব একটি বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । তবে মিছিল চলাকালীন পুলিশ বাধা দেয় এবং দুই দফায় প্রায় শতাধি আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। আটক কর্মীদের সাময়িকভাবে কৈলাসহর পুরাতন টাউন হলে রাখা হয়েছিল।
বাম নেতৃত্বদের দাবি, কৈলাসহরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ধর্মঘটকে সমর্থন করেছে। তাই মানুষ স্বেচ্ছায় বন্ধ রেখেছে দোকানপাট, গাড়ি চলাচল।
কৈলাসহরে বনধ সফল হওয়াতে প্রশ্ন উঠছে শাসক দল বিজেপির সাংগঠনিক ক্ষমতা নিয়ে। বনধের বিরোধিতা করে পিকেটিংয়ে শক্তি প্রদর্শন করতে পারেন না নীতিশ – মাফস্বরের কৈলাসহর। বামেরা বুঝিয়ে দেয় শৈব শহরে এখনো তাদের আছে পায়ের তলার মাটি।

