ইদানীং কালে শহরের অপরাধ জগতে কানাই যে ভয়ঙ্কর ছাপ রেখেছে, তা বলার অপেক্ষা রাখেনা। শাসক দল বিজেপির নাম ভাঙিয়ে বিজেপিকেই কালিমালিপ্ত করছে কানাই সহ তার সাগরেদরা।
ডেস্ক রিপোর্টার ,৭ জানুয়ারি।।
মাফিয়া দমনে কঠোর পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রতাপগড় ব্রিজ লাগোয়া বিজেপি অফিস ভাংচুরের ঘটনায় গ্রেফতার হালের মাফিয়া সর্দার দেবাশীষ সাহা ওরফে কানাই। তার বাড়ি শহরের চিত্তরঞ্জন রোড এলাকায়। দীর্ঘ দিন ধরেই মাফিয়া সর্দার কানাই অপরাধ জগতে নিজের করিশমা দেখিয়ে চলছে। অভিযোগ,শহরের বিভিন্ন্ সরকারী দপ্তরে নিগোসিয়েশন বানিজ্য, ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় সহ নানান অপরাধে হাত পাকাচ্ছে কানাই। ২৪- র শারদ উৎসবের কার্নিভালের রাতে পোস্ট অফিস চৌমুহনীতে পিস্তল নিয়ে করেছিল আস্ফালন। এরপর চাপের মুখে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তার সর্বশেষ সংযোজন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্যের বুথে গিয়ে দলীয় অফিসে হামলা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার পুলিশ তাকে গ্রেফতার করে। যদিও হালের মাফিয়া সর্দার দেবাশীষ ওরফে কানাইয়ের দাবী, সে নির্দোষ।ঘটনার সঙ্গে সে কোনো ভাবেই জড়িত নয়। তাকে ফাঁসানো হয়েছে।
ইদানীং কালে শহরের অপরাধ জগতে কানাই যে ভয়ঙ্কর ছাপ রেখেছে, তা বলার অপেক্ষা রাখেনা। শাসক দল বিজেপির নাম ভাঙিয়ে বিজেপিকেই কালিমালিপ্ত করছে কানাই সহ তার সাগরেদরা। সম্প্রতি বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের যুবমোর্চার নেতা তনুজ দাশগুপ্ত কানাই সাহার বিরুদ্ধে শহরে পোস্টারিং করেছিল। এই ঘটনার পর কানাই তার পেশী বল প্রদর্শন করে ঘটনা ধাপাচাপা দেয়। যদিও শেষ বেলায় মাফিয়া সর্দার কানাই নিজেই পড়ে যায় রাজনীতি ও অপরাধের যৌথ চক্রব্যূহে। এখন দেখার বিষয় শহরের তদন্তকারী পুলিশ বাবুরা কতটা সদর্থক ভূমিকা পালন করেন।

