Oplus_16908288

স্পোর্টস ডেস্ক,১৪ নভেম্বর।।
    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে শনিবার পরাজয়ের কালচ্ছায়া যখন গ্রাস প্রায়, ঠিক তখনই ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠল টিম ইন্ডিয়া! আর্যবীর শেহওয়াগ, অন্বয় দ্রাবিড়রা প্যাভিলিয়নে ফেরার পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের মুখ থেকে এক অসম্ভব জয় ছিনিয়ে নিল ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে ৩৩৮ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করে শেষ বলে ১ উইকেটে ঐতিহাসিক জয় তুলে নিল আমাদের তরুণরা!
এদিন ওমানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকেই ঝড় তুলতে থাকে পাক ওপেনার উসমান খান। তিনি ১০৭ রানের বড় ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১১টা চার ও ৩টে ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গ দেন আবদুল কাদির ও পাক অধিনায়ক ফারহান ইউসাফ। বিশেষ করে আবদুলের রানের গতি থামাতে পারেনি ভারতের কোনও বোলার। ৫৪ বলে ৮০ রান করেন তিনি। অন্যদিকে ফারহান ৬০ বলে ৬৩ রান করেন। তবে শেষ ৬ ওভারে পরপর উইকেট হারিয়ে রানের গতি আচমকা কমে যায়। শেষ পর্যন্ত পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে। ভারতের হয়ে ৪ উইকেট কাব্য প্যাটেলের। ৩ উইকেট তোলেন চিগুরুপতি বেঙ্কট।
এরপর ব্যাট করতে নামে ভারত।কিন্তু ৮ উইকেট পড়ার পর যখন গোটা গ্যালারিতে নেমে এসেছে নিস্তব্ধতা, ঠিক তখনই ত্রাতা হয়ে সামনে দাঁড়ালেন মধ্যপ্রদেশের ১৮ বছরের কিশোর মানাল চৌহান। চার-ছয়ের ঝড় তুলে পাকিস্তানের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন তিনি। আর তাঁকে যোগ্য সঙ্গত দেন গুজরাটের ১৮ বছরের বোলার মোহিত উলভা।
শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করেন মোহিত!
গতবারের ফাইনালে এই পাকিস্তানের কাছেই হারের জ্বালা সহ্য করতে হয়েছিল জুনিয়র টিম ইন্ডিয়াকে। আজ সেই মধুর বদলা তো হলোই, সঙ্গে এল ছোটদের এশিয়া কাপে ভারতের নবম বারের শিরোপা জয়! এই জয় প্রমাণ করে, লড়াকু মানসিকতা থাকলে হার না মানা জেদ দিয়ে জয় ছিনিয়ে আনা অসম্ভব কিছু নয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *