ডেস্ক রিপোর্টার ,১৪ নভেম্বর।।
গোটা রাজ্যে নারীদের নিরাপত্তা একশ শতাংশ নিশ্চিত। বিভিন্ন মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে গলা ফাটিয়ে একথা বলে থাকেন শাসক দল বিজেপির মন্ত্রী থেকে শুরু করে নেতা- কর্মীরা। কিন্তু বাস্তব অর্থে রাজ্যে নারীর নিরাপত্তা কতটা সুনিশ্চিত? তার উত্তর খুঁজে পাওয়া গেলো সাব্রুমের পূর্ব-লুধূয়া এডিসি ভিলেজের অন্তর্গত নতুন পাড়াতে। এক অসহায় বাঙালি গৃহবধূকে গণ ধর্ষণ করলো বিজেপির জনজাতি মোর্চার দুই সক্রিয় সদস্য। ঘটনা দীপাবলীর রাতে। এই ঘটনার অপমান সহ্য করতে না পেরে নির্যাতিতা গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আগুনে তার শরীরের অনেকাংশেই ক্ষতি হয়। বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখন পর্যন্ত ঘটনার মূল অভিযুক্ত বিজেপির জনজাতি মোর্চার দুই সক্রিয় সদস্য দশহ ত্রিপুরা ওরফে সনদ ত্রিপুরা ও সুবল ত্রিপুরাকে গ্রেফতার করে নি সাব্রুম থানার পুলিশ।
অভিযোগ, দীপাবলীর রাতে দুই অভিযুক্ত দশহ ত্রিপুরা ও সুবল ত্রিপুরা পুজোর প্রসাদ বলে মহিলাকে তরল জাতীয় মাদক খাইয়ে দেয়। এরপর মহিলা ঘুমিয়ে পড়েন। অচৈতন্য অবস্থায় দশহ ও সুবল তাদের পাশবিক লালসা চরিতার্থ করে। জ্ঞান ফেরার পর মহিলা বুঝতে পারেন তার শরীরের উপর দিয়ে কি ধরনের অত্যাচার করেছে দুই অসুর দশহ ত্রিপুরা ও সুবল ত্রিপুরা। লোকলজ্জা ও অপমান – ঘৃণায় মহিলা শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। জিবি হাসপাতালের ব্যাডে শুয়ে একথা নিজেই বলেছেন নির্যাতিতা।

এই ঘটনা জানাজানি হতেই ছিঃ ছিঃ রব উঠে গোটা সাব্রুম জুড়ে। সাধারণ মানুষ বিজেপির জনজাতি মোর্চার দুই সক্রিয় সদস্য তথা মূল অভিযুক্ত দশহ ত্রিপুরা ও সুবল ত্রিপুরাকে গ্রেফতারের দাবি জানায়। যদিও কোনো এক আর অদৃশ্য শক্তির ইশারায় সাব্রুম থানার পুলিশ এখনও গ্রেফতার করে নি দশহ ত্রিপুরা ও সুবল ত্রিপুরাকে।

এই ঘটনা নিয়ে নিশ্চুপ বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ তাদের শরিক দল তিপ্রামথার নেতারা। স্থানীয় লোকজনের বক্তব্য, এই ঘটনায় যদি বাঙালি যুবকরা সংগঠিত করতো কোনো জনজাতি রমণীর সঙ্গে তাহলে এতো ক্ষনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর। কিন্তু এখন তিনি চুপ কেন? অপরাধীদের ক্ষেত্রেও কি বাঙালি – জনজাতি জাতপাতের হিসেব করে মুখ খুলবেন প্রদ্যুৎ কিশোর?

