গত ১৫ বছর ধরে এই রাস্তায় সংস্কারের ছোঁয়া লাগেনি, অথচ রাস্তার পাশে ঘটা করে টাঙিয়ে দেওয়া হয়েছে কাজ সম্পন্ন হওয়ার সাইনবোর্ড। সাইনবোর্ড অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই মাসেই কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ করা আছে বরাদ্দকৃত টাকার পরিমাণ।আবার গ্রামবাসীরা ক্ষোভে এই সাইনবোর্ডও ভূ – পতিত করে দিয়েছে।
ধর্মনগর ডেস্ক,৩১ জানুয়ারি।।
রাস্তার কাজ হয়নি এক কোদালও, কিন্তু খাতায়-কলমে খরচ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা। রেগার প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল যুবরাজনগর বিধানসভার রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে।
গ্রামবাসীদের কথায় , অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মনোরঞ্জন নাথের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তায় মাটি কাটার জন্য ৫৩৮ শ্রমদিবসের মোট ১ লক্ষ ৮৫ হাজার ৩১৮ টাকা বরাদ্দ করা হয়েছিল।
আশ্চর্যের বিষয়, গত ১৫ বছর ধরে এই রাস্তায় সংস্কারের ছোঁয়া লাগেনি, অথচ রাস্তার পাশে ঘটা করে টাঙিয়ে দেওয়া হয়েছে কাজ সম্পন্ন হওয়ার সাইনবোর্ড। সাইনবোর্ড অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই মাসেই কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ করা আছে বরাদ্দকৃত টাকার পরিমাণ।আবার গ্রামবাসীরা ক্ষোভে এই সাইনবোর্ডও ভূ – পতিত করে দিয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘ প্রতীক্ষিত এই রাস্তাটিতে মাটির একটি কোপও পড়েনি। অঙ্গনওয়াড়িগামী শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল দশা ঘোচাতে কোনো উদ্যোগ না নিলেও, টাকা লুটপাটে কোনো কসুর করেনি পঞ্চায়েত কর্তৃপক্ষ। স্থানীয়দের সরাসরি অভিযোগ, শাসক দলের নেতাদের মদতে ঘটেছে লুটপাট।

ঘুরিয়ে বললে সু-শাসনে দিনে ডাকাতি।কোথায় আছেন সু-শাসনের দন্ডমুন্ডের কর্তারা? প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এই দুর্নীতির তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে? নাকি দলীয় করণের জন্য ছাড় পেয়ে যাবে রাধপুর গ্রাম পঞ্চায়েতের রাঘব বোয়ালরা? প্রশ্ন স্থানীয় জনমনে।

