স্পোর্টস ডেস্ক,২৬ মার্চ।।
গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত জয়। তাতে একক ভাবে শীর্ষে শতদল সংঘ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। বুধবার টি আই টি মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে শতদল সংঘ ৩ উইকেটে পরাজিত করে জে সি সি কে। আসরে ৫ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথম লিগ শেষ করলো শতদল সংঘ । সমসংখ্যক ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে জে সি সি। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে প্রথম সারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় জে সি সি ১৮৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়ক রজত দে ৭২ বল খেলে ৪টি বাউন্ডারির সাহায্যে ৫১, ধনঞ্জয় যাদব ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, নিরুপম সেন ৫২ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৭ , দুর্লভ রায় ৪৯ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং অভিজিৎ দেববর্মা ১৫ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। শত দল সংঘের পক্ষে চিরঞ্জিত পাল ৩৪ রানে তিনটি, অর্জুন দেবনাথ ২৪ রানে এবং দেবরাজ দে ২৬ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শতদল সংঘ ২৩ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার দিপজয় দেব ৭১ বল খেলে চারটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫, রিমন সাহা ৫৫ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২, দেব বানালে ৫০ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, অর্জুন দেবনাথ তেত্রিশ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং অভিজিৎ সরকার ১৫ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। জে সি সি – র পক্ষে ধনঞ্জয় যাদব ৩৬ রানে তিনটি উইকেট দখল করেন।

