ধর্মনগর ডেস্ক,২৮ মার্চ।।
ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সরগরম রাজনৈতিক ময়দান। শনিবার আমরা বাঙালী দলের মনোনীত প্রার্থী বিভাস রঞ্জন দাসের সমর্থনে ধর্মনগর শহরে এক বিশাল পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। দলের রাজ্য ও জেলা স্তরের নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি বিশেষ মাত্রা পায়। আগামী ৯ই এপ্রিলের উপনির্বাচনকে সামনে রেখে এদিন প্রচারে ঝড় তুললো আমরা বাঙালী দল। প্রার্থী বিভাস রঞ্জন দাসকে সাথে নিয়ে কর্মী-সমর্থকরা ধর্মনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে কর্মীদের ব্যাপক উপস্থিতি এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর এলাকা। শহর পরিক্রমা শেষে মিছিলটি এসে পৌঁছায় পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায়। সেখানে এক জনবহুল পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির নেতৃবৃন্দ এবং জেলা স্তরের পদাধিকারীরা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও জেলা নেতারা বাঙালীদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নের দাবি তোলেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ধর্মনগরের সাধারণ মানুষ বঞ্চনার শিকার। তাই এই উপনির্বাচনে পালতোলা নৌকা চিহ্নে ভোট দিয়ে বিভাস রঞ্জন দাসকে জয়ী করার আহ্বান জানান তাঁরা।আমরা মানুষের মৌলিক অধিকার এবং সামগ্রিক উন্নয়নের লড়াইয়ে অবিচল থাকব। এখন দেখার বিষয়, আগামী ৯ এপ্রিল ভোটাররা কার পক্ষে রায় দেন।

