তেলিয়ামুড়া ডেস্ক, ২৩ জুন।।
তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর এলাকায় কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ। ঘটনার মূল কেন্দ্রে রয়েছেন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন অর্থাৎ TRLM-এর সঙ্গে যুক্ত মাস্টার বুক কিপার ঝুমা চৌধুরী।
অভিযোগ, ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত চড়া লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ঝুমা চৌধুরী। এক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন সরকারি সিল, বিডিও ভুয়ো স্বাক্ষর। দীর্ঘদিন ধরে ঝুমা চৌধুরী এই মৌসুরি পাট্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ঘুমে ব্লক প্রশাসন।
সম্প্রতি ঝুমা চৌধুরীর প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ভুক্তভোগীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন এবং তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্যের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিজের অপরাধ কবুল করেছেন ঝুমা চৌধুরী।
অন্যদিকে লিখিত অভিযোগ পাওয়ার পর তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য সাংবাদিকদের জানান, ” অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে।জেলা শাসকের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে তা হলো—কীভাবে দীর্ঘদিন ধরে সরকারি সিল ও বিডিও-র স্বাক্ষর জাল করে বিভিন্ন ভুয়ো নথি ব্যবহার করা হলো? অথচ তা প্রশাসনের নজরে এলো না? এই নিয়ে প্রশাসনিক মহলেও তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

