এসকফ উদ্ধারের পর ডেলিভারি বয়দের দেওয়া তথ্য মোতাবেক তারা চলে আসে আগরতলার ভোলাগিরি এলাকায়। এখান থেকেই গ্রেফতার করে দুই যুবককে। এসকফের চালান এসেছিল তাদের নামেই।
ডেস্ক রিপোর্টার , ২৫ জুন ।।
শহর সংলগ্ন খয়েরপুর বাইপাসস্থিত লোহিয়া লজিস্টিক পার্কের গোডাউন থেকে উদ্ধার ১৪৩৫ বোতল এসকফ কফ সিরাপ। বাজার মূল্য ৪ লক্ষ টাকা। বুধবার রাতে বোধজং নগর থানা পুলিশ পণ্য ডেলিভারি সংস্থার গোডাউন থেকে উদ্ধার করে এই নেশা জাতীয় কফ সিরাপ। গ্রেফতার করা হয়েছে এই চক্রের সঙ্গে জড়িত দুই যুবককে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম গোপন রেখেছে।বৃহস্পতিবার ধৃত দুই মাদক কারবারীকে তোলা হয়েছে আদালতে।
বোধজং নগর থানা ইন্সপেক্টর পরীক্ষিত দেববর্মা জানান, বুধবার রাতে ডেলিভারি সংস্থা জানায় তাদের কাছে আসা কিছু প্যাকেটে সন্দেহ জনক কিছু রয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে যায় ডেলিভারি সংস্থা লোহিয়া লজিস্টিক পার্কের গোডাউনে। সঙ্গে সেখানে যান জিরানিয়ার ডিসিএম। গোডাউনে থাকা পাঁচটি প্যাকেট খতিয়ে দেখে পুলিশ। এবং প্যাকেট গুলি থেকে বেরিয়ে আসে এসকফের মোট ১৪৩৫টি বোতল।
ইন্সপেক্টর পরীক্ষিত দেববর্মার বক্তব্য অনুযায়ী, এসকফ উদ্ধারের পর ডেলিভারি বয়দের দেওয়া তথ্য মোতাবেক তারা চলে আসে আগরতলার ভোলাগিরি এলাকায়। এখান থেকেই গ্রেফতার করে দুই যুবককে। এসকফের চালান এসেছিল তাদের নামেই।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত করনের কাজ শুরু করেছে পুলিশ। তার জন্য ধৃত দুই যুবকের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে আদালতে।

