খোয়াই ডেস্ক, ৯ অক্টোবর।।
খোয়াই শহরের অন্যতম ব্যস্ততম সড়ক গণকি জিপ স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় CNG স্টেশনকে কেন্দ্র করে মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন গ্যাস নেওয়ার জন্য অটোরিকশাগুলির দীর্ঘ লাইনের ফলে স্তব্ধ হয়ে পড়ছে যান চলাচল। নিয়ম অনুযায়ী এক লাইনে গাড়ি দাঁড়ানোর কথা থাকলেও, চালকরা রাস্তার উপর দুই লাইনে অটো দাঁড় করাচ্ছেন। ফলে সড়কের বড় অংশ অবরুদ্ধ হয়ে পড়ায় বিশেষ করে অফিস ও স্কুলের সময়ে চরম ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা।
এই যানজটের কারণে সবচেয়ে বেশি উদ্বেগ বাড়ছে জরুরি পরিষেবা নিয়ে। এই সড়ক দিয়েই প্রতিনিয়ত চলাচল করে অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের গাড়ি। স্থানীয়দের আশঙ্কা, যানজটে পড়ে জরুরি গাড়ি আটকে গেলে বড়সড় বিপদের ঝুঁকি তৈরি হতে পারে। দুর্ঘটনার আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা অগ্নিকাণ্ডের ঘটনায় সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
ট্রাফিক পুলিশ ও CNG স্টেশন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের দাবি, ব্যস্ত সময়ে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করে অটোরিকশাগুলিকে এক লাইনে সুশৃঙ্খলভাবে রাখার ব্যবস্থা করা হোক। জরুরি পরিষেবায় যাতে বাধা না আসে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক দপ্তরকে দ্রুত সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন খোয়াইয়ের বাসিন্দারা।

