আগরতলা, ৯ অক্টোবর।।

বর্তমান রাজ্য সরকার সংবাদমাধ্যমের অপরিহার্যতাকে মান্যতা দিয়ে এই ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি স্তরের মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও কল্যাণে সরকারের বহুমুখী উন্নয়নমূলক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সংবাদমাধ্যমের মারফৎ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সুসংহত প্রচার সুনিশ্চিত করতে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীটি অনুমোদিত হয়েছে। শুক্রবার মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে একথা বলেন।

সংবাদমাধ্যম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্যের সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট বরিষ্ঠ ব্যক্তিত্বদের নিয়ে যে মিডিয়া উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল তার সিদ্ধান্ত মতো বিজ্ঞাপন সম্পর্কিত বিষয়গুলিতে প্রয়োজনীয় সংশোধনী ও সুরাহার বিষয়ে বিশদে বিশ্লেষণ করার জন্য একটি বিজ্ঞাপন বিষয়ক সাবকমিটি গঠন করা হয়েছিল। এই সাবকমিটির পরামর্শ, প্রস্তাব ও সার্বিক বিষয়ে বিবেচনায় বর্তমান সংশোধনীটি প্রণয়ন করা হয়েছে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব জানান, সংশোধিত বিজ্ঞাপন নীতিতে পূর্বতন এমপাওয়ার্ড অ্যাডভার্টাইজমেন্ট কমিটির পরিবর্তে বিজ্ঞাপন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরামর্শদানের জন্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে একটি বিজ্ঞাপন বিষয়ক সাবকমিটি গঠন করা হবে। পাশাপাশি এই সংশোধনীর মারফৎ বিজ্ঞাপন নীতিতে এনলিস্টেড প্রিন্ট, টিভি এবং ওয়েব মিডিয়ার ক্যাটাগোরাইজেশনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এ-১, এ, বি এবং সি ক্যাটাগরির পরিবর্তে প্রিন্ট, টিভি এবং ওয়েব মিডিয়া হিসেবে এনলিস্টেড মিডিয়া হাউসকে লার্জ, মিডিয়াম ও স্মল এই তিন ক্যাটাগরিতে ভাগ করার সংস্থান সংশোধনীতে রাখা হয়েছে। পাশাপাশি ছোট আকারের দৈনিক সংবাদপত্র এবং সাপ্তাহিক সংবাদপত্রগুলির জন্য ট্যাবলয়েড নামে নতুন একটি ক্যাটাগরিও সৃষ্টি করা হয়েছে।

তিনি আরও জানান, সংবাদমাধ্যমের ক্যাটাগোরাইজেশনের পদ্ধতি, ভিত্তি, আবশ্যিক শর্তাবলি সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলিতে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। আর এই ক্ষেত্রে সংবাদমাধ্যমের প্রচার-প্রসার, প্রকাশনার সময়কাল, নিযুক্ত সংবাদকর্মী, পরিকাঠামো সহ সংশ্লিষ্ট সমস্ত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি গুরুত্ব আরোপ করা হয়েছে উৎকর্ষতার উপর। উল্লেখ্য যে, লার্জ ক্যাটাগরিভুক্ত প্রিন্ট, টিভি এবং ওয়েব মিডিয়া হাউসগুলির মধ্যে যাদের সার্কুলেশন কভারেজ সর্বোচ্চ থাকবে তাদের বিজ্ঞাপন প্রদানে প্রাধান্য দেওয়া হবে। সচিব জানান, বর্তমান সংশোধনীটি নতুন এবং পুরাতন সহ সব ধরনের সংবাদমাধ্যমের মারফৎ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রচারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য সংশোধিত বিজ্ঞাপন নীতিটি দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি সাংবাদিক সম্মেলনে সচিব কিরণ গিত্তে সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের কল্যাণে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ যেমন অ্যাক্রিডিটেশন নীতি, পেনশন নীতি, সাংবাদিকদের উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধিতে ওয়ার্কশপ সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করেন। সচিব অদূর ভবিষ্যতে সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস জ্যাকেট প্রদান ও প্রেস স্টিকার প্রণয়নের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *