ডেস্ক রিপোর্টার,১৬ অক্টোবর।।
দেশজুড়ে নির্বাচন কমিশনের এস আই আর (SIR) প্রক্রিয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের ধারাবাহিক অভিযোগ, সমীক্ষার নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।এই পরিস্থিতিতে বিতর্ক ও ক্ষোভ সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো স্পেশাল সামারি রিভিশন বা SSR।
কমিশন সূত্রে জানা গেছে এই নতুন প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো নতুন ভোটারদের অন্তর্ভুক্তকরণ অর্থাৎ ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটারদের দ্রুত নাম তালিকাভুক্ত করা।দ্বিতীয়ত,বাদ পড়া ভোটারদের পুনর্বহাল করা।অর্থাৎ বিতর্কিত প্রক্রিয়ায় যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাদের পুনরায় যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা।তৃতীয়তঃ,
দুয়ারে নির্বাচন কমিশন।

অর্থাৎ কোনো ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তার জন্য এবার কমিশনের বুথ লেভেল অফিসাররা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও নাম তোলার উদ্যোগ নেবেন।বলা হয়েছে, ১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় নাম তোলার যোগ্য, তাঁরা এই রিভিশনের মাধ্যমে ভোটাধিকার পেতে পারেন। খসড়া তালিকা প্রকাশিত হবে ১২ নভেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৪ জানুয়ারি।বিরোধীদের তীব্র অভিযোগের মাঝেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বাদ পড়া প্রকৃত ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতেই কমিশনের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

