তেলিয়ামুড়া ডেস্ক, ১২ অক্টোবর।।
মা দুর্গার আগমনে নতুন সাজে সেজে উঠেছে প্রাণের শহর তেলিয়ামুড়া। চারদিকে আলোর ঝলকানি, চোখধাঁধানো মণ্ডপসজ্জা, শিল্পের অপূর্ব ছোঁয়া আর সৃজনশীলতার অনন্য মেলবন্ধনে শারদোৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রস্তুত শহরের বিভিন্ন পূজা উদ্যোক্তারা। আর সেই উৎসবের আবহে দর্শনার্থীদের মন জয় করতে এবারও বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হয়েছে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী নেতাজী স্মৃতি সংঘের শারদোৎসব।এবারের মূল আকর্ষণ রাজস্থানের পদ্মাবত মন্দিরের আদলে নির্মিত কাল্পনিক মন্দির। রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর অনুপ্রেরণায় এই বিশেষ মণ্ডপ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিল্পীদের নিপুণ হাতের কারুকার্য, নান্দনিক ভাবনা এবং সৃজনশীলতার মাধ্যমে দর্শনার্থীদের সামনে এক মনোমুগ্ধকর পরিবেশ তুলে ধরার প্রচেষ্টা চালানো হয়েছে। আলোকসজ্জা ও মণ্ডপের নান্দনিক উপস্থাপনা মিলিয়ে এবারের শারদোৎসব দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশাবাদী পূজা উদ্যোক্তারা।

অন্যদিকে শারদোৎসবকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার রাজদূত ক্লাবের পুজো মণ্ডপে এবার বিশেষ আকর্ষণ ‘কালের ক্যানভাসে কুটিরশিল্প’। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন আগরতলার এ.ডি. নগরের স্থানীয় শিল্পী প্রণব বিশ্বাস। প্রতিমা নির্মাণ করছেন তেলিয়ামুড়ার মৃৎশিল্পী নরেশ পাল। পাশাপাশি সার্বিক আলোকসজ্জার দায়িত্বে রয়েছে স্থানীয় মহামায়া ডেকোরেটর। স্থানীয় শিল্পীদের শিল্পকর্ম ও সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে এবছর রাজদূত ক্লাবের পুজোর বাজেট রাখা হয়েছে ১৫ লক্ষ টাকা। ঐতিহ্য ও শিল্পের মেলবন্ধনে দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত রাজদূত ক্লাবের দুর্গোৎসব।

