ডেস্ক রিপোর্টার, ১লা নভেম্বর।।
ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদের রাজনীতিতে নতুন মোড়। এডিসির প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে আরও ৫ জন এমডিসিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নিযুক্ত করলেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মা। নতুন ইএম হিসেবে আগামী ৫ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন রাজেশ্বর দেববর্মা, কমল কলই, ধনঞ্জয় ত্রিপুরা, খেনারাম রিয়াং এবং হলিউড চাকমা। এদের মধ্যে দ্বিতীয়বার কার্যনির্বাহী সদস্য হচ্ছেন কমল কলই।
উল্লেখ্য, প্রায় ৫ মাস আগে টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রুনিয়েল দেববর্মা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে চন্দ্র কুমার জমাতিয়া নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে চেয়ারম্যান পদে দায়িত্ব সামলাচ্ছেন ভবরঞ্জন রিয়াং।
সূত্রের খবর অনুযায়ী, এনডিএ জোটের ভবিষ্যৎ সমীকরণের কথা মাথায় রেখে ভাইস চেয়ারম্যান এবং একজন কার্যনির্বাহী সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো— জোটের বড় শরিক দল বিজেপি কি শেষ পর্যন্ত এডিসির এই পরিষদে যোগ দেবে?আর তা নিয়ে
রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।কারণ বড় শরিক দল বিজেপির পক্ষ থেকে এখনও কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। বিজেপি যোগ দিলে ফাঁকা পদগুলো পূর্ণ হবে, নাকি মথা একাই বাকি পথ হাঁটবে—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এদিকে ইএম পদের দৌড় শেষ হলেও নজর এখন অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দিকে। প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, রতীশ ত্রিপুরা সহ বাকি ১৬ জন এমডিসির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। কে কে হতে চলছেন ৮টি জেলার জোনাল চেয়ারম্যান? পাশাপাশি ফাঁকা রয়েছে ৩৭টি সাব-জোনাল চেয়ারম্যান এবং ৪০টি বিএসি চেয়ারম্যান পদ।
প্রসঙ্গত, ঊনকোটি জেলা থেকে তিপ্রামথা সমর্থকরা দাবি তুলেছিলেন ডেমছড়া-কচুছড়া কেন্দ্রের দ্বিতীয়বার নির্বাচিত এমডিসি ধীরেন্দ্র দেববর্মাকে ইএম করার। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ধীরেন্দ্র দেববর্মাকেই আগামী দিনে ঊনকোটি জেলার জোনাল চেয়ারম্যান করা হতে পারে।

