স্পোর্টস ডেস্ক,৩রা ফেব্রুয়ারি।।
          প্রত্যাশিতভাবেই হারলো ত্রিপুরা। দিল্লির বিরুদ্ধে ইনিংস এবং ৮২ রানে। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই ত্রিপুরার লজ্জা জনক পরাজয়ের অন্যতম কারণ। তৃতীয় দিনের শেষে পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল রাজ্য দলের। দেখার ছিল সোমবার চতুর্থ তথা শেষ দিনে কতটুকু লড়াই ছুড়ে দিতে পারে ত্রিপুরার ক্রিকেটাররা। এদিন সকালে এক ঘণ্টার মধ্যেই ত্রিপুরার ইনিংস গুটিয়ে যায়। শেষ তিন উইকেটে ত্রিপুরা এদিন যোগ করে ২৯ রান। অনূর্ধ্ব – ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ত্রিপুরার ১৪৯ রানের জবাবে দিল্লি ৮ উইকেট হারিয়ে ৫১০ রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ৩৬১ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে সর্বসাকুল্যে ১৭৯ রান করতে সক্ষম হয়। শেষদিকে তনয় মন্ডল ৮৮ বল খেলে ছয়টি বাউন্ডারি সাহায্যে ৩৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার পক্ষে ওপেনার তন্ময় দাস ১১২ এবং অমিত আলি ৪৭ রান করেন। দিল্লির পক্ষে রাজনীশ দাদর ৫৭ রানে পাঁচটি উইকেট দখল করেন। আসরে পাঁচ ম্যাচ খেলে ত্রিপুরা তিনটি ম্যাচে পরাজিত হয়ে গ্রুপে শেষ স্থানে রয়েছে।৬-৯ ফেব্রুয়ারি ত্রিপুরা ষষ্ঠ ম্যাচ খেলবে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে। দিন্দিগুলের এন পি আর কলেজ মাঠে হবে ম্যাচটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *