ডেস্ক রিপোর্টার, ১লা ফেব্রুয়ারি।।
বাজেটে নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, প্রতিটি জেলায় একটি করে মেয়েদের হোস্টেল গড়ে তোলা হবে। সেই সঙ্গে দেশে ‘আয়ুর্বেদ’ শিক্ষার প্রসার ঘটাতে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশে তিনটি এইমস এবং তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি করা হবে। গুজরাটের জামনগরে অবস্থিত হু গ্লোবাল মেডিসিন সেন্টারের পরিকাঠামোও উন্নত করা হবে বলে জানানো হয়েছে। তবে শুধু আয়ুর্বেদ নয়, দেশে সার্বিক শিক্ষার উপরেও এই বাজেটে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার সংসদে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। একই সঙ্গে পর্যটনে গাইড প্রশিক্ষণেও যত্নবান হওয়ার কথা বলা হল ২০২৬ কেন্দ্রীয় বাজেটে। দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল টুরিজম বাড়াতে পাঁচটি রিজিওনাল মেডিক্যাল হাব গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ডিজিটাল ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে এভিজিসি কনটেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে, যা অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, গেমিং ও কমিক্স খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। এছাড়াও দেশে একাধিক কর্মসংস্থান তৈরির লক্ষ্য এই বাজেটে জানানো হয়। সেই সঙ্গে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে।

