ডেস্ক রিপোর্টার, ২৪ এপ্রিল।।
প্রত্যাশিত ভাবেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গ ছাড়লেন আপ সাংসদ রাঘব চাড্ডা। সঙ্গে আরও সাত জন সাংসদ। তাদের মধ্যে উল্লেখ্য যোগ্য অশোক মিত্তাল ও সন্দীপ পাঠক।এই ভাঙনে পাঞ্জাবে বড় রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। এমনটাই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুক্রবার রাঘব চাড্ডা অন্যান্য সাংসদদের নিয়ে গিয়েছিলেন দিল্লিস্থিত বিজেপির সদর দফতরে। সেখানেই আনুষ্ঠানিক ভাবে যোগ দেন ভাজপাতে। চাড্ডা সহ অন্যান্য সাংসদদের দলে বরণ করে নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবিন এরপরেই তিনি করেন সাংবাদিক বৈঠক।

রাঘব চাড্ডা কেন আম আদমি পার্টি ছেড়েছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপের একটা বড় অংশের নেতারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে। তারাও আমাকে চেয়েছিল। কিন্তু আমি দুর্নীতির অংশ হতে চাই নি।
রাঘব বলেন, আমার সামনে মাত্র দুটি পথ খোলা ছিল – হয় রাজনীতি ছেড়ে দেওয়া এবং গত ১৫-১৬ বছরের জনসেবামূলক কাজ ত্যাগ করা, অথবা শক্তি ও অভিজ্ঞতা দিয়ে ইতিবাচক রাজনীতি করা। তাই, সিদ্ধান্ত নিয়েছি যে, রাজ্যসভায় আপ-এর দুই-তৃতীয়াংশ সদস্য হিসেবে আমরা ভারতের সংবিধানের বিধান প্রয়োগ করে বিজেপির সঙ্গে যুক্ত হবো।
রাঘব চাড্ডা সহ সাত সংসদের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে আপ নেতা তথা সাংসদ সঞ্জয় সিং বলেন, ” এটা মোদী – অমিত শাহের ঘৃণ্য রাজনীতি। পাঞ্জাবে আপকে দুর্বল করতেই রাঘব সহ বাদবাকি সংসদদের দলে টেনে নিয়েছেন মোদী – শাহ।

