ডেস্ক রিপোর্টার,২০ জুন।।
নিরাপত্তাহীন রাজধানীর এনসিসি থানা এলাকা। রাতের আধারে নন্দন নগর কোয়ার্টার চৌমুহনী এলাকায় এক লরি চালককে পিস্তল দেখিয়ে দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে যায় ৮০ হাজার টাকা। সঙ্গে তার এটিএম কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ আরো প্রয়োজনীয় কাগজ পত্র। চালকের নাম সজল গোস্বামী। ঘটনা গত ১৭ জুন। পুরো ঘটনা জানিয়ে চালক সজল শুক্রবার এনসিসি থানায় মামলা করে দুষ্কৃতী সঞ্জয় দেবের বিরুদ্ধে।
নির্যাতিত চালক সজল জানিয়েছেন, ঘটনার রাতে সে গণ্ডাছড়া থেকে আম বোঝাই লরি নিয়ে নন্দন নগরে আসে। তখনই রাস্তার পাশে থাকা দুষ্কৃতী সঞ্জয় দেব সহ আরো কয়েকজন তার কাছে পিস্তল উঁচিয়ে আসে। এবং সজলের কাছে থাকা মানি ব্যাগ, টাকা, ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেয়।

চালকের বক্তব্য অনুযায়ী, ঘটনার পর দুষ্কৃতী সঞ্জয় এনসিসি থানায় ফোন করে। সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় পুলিশ। অবাক করার মতো বিষয় পুলিশ দুষ্কৃতী সঞ্জয় দেবের পক্ষ নিয়ে সওয়াল করতে থাকে। শেষ পর্যন্ত চালক সহ আম বোঝাই লরি নিয়ে আসে থানায়। থানায় তল্লাশির পর লরিতে আপত্তিকর কিছু না পেয়ে লরি ছেড়ে দেয়। সজল তখনই দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল। কিন্তু থানায় উপস্থিত পুলিশ কর্তারা জানিয়ে দেন, ” এখন ওসি নেই। তাই মামলা রাখা যাবে না।”
শেষ পর্যন্ত নির্যাতিত চালক পুলিশের কাছে প্রাথমিক ভাবে বিচার না পেয়ে ছুটে যান স্থানীয় কর্পোরেটরের কাছে। কর্পোরেটর তাকে নির্দেশ দেয় থানায় মামলা দায়ের করতে।
এই ঘটনা আবারও প্রমাণ করে ওসি প্রাজিত মালাকারের নেতৃত্বাধীন এনসিসি থানা এলাকার নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠুনকো? আর পুলিশ সুনাগরিকদের পাশে না থেকে বরং দুষ্টদের প্রশ্রয় দিয়ে চলছে। লোকে বলছে হবেই তো, যেমন থানার ওসি, তেমনি তার সহকর্মীরা। কারণ এনসিসি থানা এখন তোলাবাজ পুলিশ কর্মীদের দখলে।

