ডেস্ক রিপোর্টার , ২০ জুন।।
রাজ্য সরকারের বায়ো টেকনোলজি দপ্তরের কোটি টাকা ঘোটালা কাণ্ডে গ্রেফতার আরও এক জন। তার নাম সঞ্জীব দেব।বাড়ি রাজধানীর উজান অভয়নগরে। ধৃত সঞ্জীব দেবকে গ্রেফতার করেছে শহরের এনসিসি থানার পুলিশ। তাকে শনিবার তোলা হয়েছে আদালতে।
এনসিসির এসডিপিও জানিয়েছেন, চলতি বছরে বায়ুর টেকনোলজি দপ্তরের পক্ষ থেকে কোটি টাকা ঘোটালা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছিল থানায়। পুলিশ এই মামলার তদন্তে নেমে বায়ুর টেকনোলজি দপ্তরের সঞ্জীব চক্রবর্তী নামে মাল্টি টাস্ক কর্মীকে গ্রেফতার করেছিল। মূলত তার বাড়ি উদয়পুর। রাজধানীর ইন্দ্রনগরে ভাড়া বাড়িতে থাকতো। তদন্তকারী পুলিশ অভিযুক্ত সঞ্জীব চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে ধাপে ধাপে মোট এক কোটি টাকার অধিক অর্থ তছরুপ করেছে।
এই মামলার মূল অভিযুক্ত সঞ্জীব চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সঞ্জীব বায়ুর টেকনোলজি দপ্তরের বিপুল পরিমাণ টাকা বেশ কয়েকটি একাউন্টে জমা করেছে। শেষ পর্যন্ত তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ উজান অভয়নগর থেকে গ্রেফতার করে সঞ্জীব দেবকে। সঞ্জীবের অ্যাকাউন্টে মোট ১৮ লক্ষ ৮৬ হাজার টাকা দেওয়া হয়েছিল।
তদন্তকারী পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য জাল বিস্তার করেছে। সংগ্রহ করা হয়েছে অভিযুক্তদের ঠিকুজি। যেকোন সময় বাদকাকিদের করা হবে গ্রেফতার।

