বিস্ফোরণের মূল কারণ কী?—গ্যাস সিলিন্ডার নাকি অন্য কোনো দাহ্য পদার্থ বিস্ফোরণের উৎস? তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখতে স্বশরীরে অকুস্থলে ছুটে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।


ডেস্ক রিপোর্টার,২৫ জুন।
            রাজধানীর প্রাণকেন্দ্র রামনগর ৪ নম্বর রোড জনবহুল এলাকা।বৃহস্পতিবার দুপুরের আচমকা এক বিকট শব্দে কেঁপে ওঠে গোটা রামনগর ৪ নম্বর রোড। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, একটি বহুতল ফ্ল্যাটের ভেতর মারাত্মক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ফ্ল্যাটের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের শরীরের সিংহভাগ অংশই মারাত্মকভাবে ঝলসে গেছে। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। নাম শুভ্রজিৎ চৌধুরী। বাড়ি শহরের কের চৌমুহনী। শুক্রবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ্রজিৎ চৌধুরীর মৃত্যু হয়।
       তবে বিস্ফোরণের মূল কারণ কী?—গ্যাস সিলিন্ডার নাকি অন্য কোনো দাহ্য পদার্থ বিস্ফোরণের উৎস? তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখতে স্বশরীরে অকুস্থলে ছুটে যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
       তবে কীভাবে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ফরেনসিক টিমকেও তলব করা হতে পারে বলে পুলিশের  ইঙ্গিত।এই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে গোটা রামনগর এলাকায় তীব্র আতঙ্ক ও টানটান উত্তেজনা বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *