ডেস্ক রিপোর্টার,৯ আগস্ট।।
পাচার বাণিজ্য কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র সোনামুড়া। রড-পিস্তল- ধারালো অস্ত্র নিয়ে হামলা। অসহায় পুলিশ। জখম ৪ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ঘটনা রবিবার সন্ধ্যা রাতের।ঘটনাস্থল সীমান্ত মহকুমার নতুন বাজার এলাকায়। এই ঘটনা কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বিরাজ করছে তীব্র উত্তেজনা। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় সোনামুড়া হাসপাতালে সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় আগরতলার জিবি হাসপাতালে।
খবর অনুযায়ী গত কয়েকদিন ধরেই মাদকদ্রব্যের পাচার কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মৃদু উত্তেজনা বিরাজ করছিল। মাদক বাণিজ্যের এলাকা দখলদারি নিয়েই মূলত এই লড়াই। শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যারাতে দুই গোষ্ঠী চলে আসে সম্মুখ সমরে। প্রকাশ্যে চলে সংঘর্ষ। কিন্তু অবাক করার মত বিষয় প্রকাশ্যে সংঘর্ষ চলাকালীন সোনামুড়া থানার পুলিশ ছিল সম্পূর্ণ ঘুমে।নতুন বাজার এলাকায় দুই গোষ্ঠীর লোকজন রক্তাক্ত হওয়ার পর ছুটে আসে আশপাশের লোকজন। এরপর আসে পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। দুই গোষ্ঠীর বাদবাকি সদস্যরা চলে যায় নিজেদের সেভ জোনে।

