তেলিয়ামুড়া ডেস্ক, ১৩ আগস্ট।।
আগামী ১৫ আগস্ট পালিত হতে যাচ্ছে দেশের ৮০তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে কেন্দ্র সরকারের আহ্বানে ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশজুড়ে সূচিত হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় আয়োজিত হলো এক সুবিশাল ও বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’।
বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া বড়মুড়া ক্যাফেটেরিয়ার সামনে থেকে এই শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে দেশাত্মবোধক স্লোগান ও সুরের আবহে যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে তেলিয়ামুড়া টাউন হলে গিয়ে সমাপ্ত হয়।
এদিনের কর্মসূচিতে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আশা কর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃত্বসহ সর্বস্তরের নাগরিকরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর জানান, “দেশের গৌরব ও সম্মান রক্ষা করা এবং সাধারণ মানুষের মনে দেশপ্রেম ও দেশাত্মবোধের চেতনাকে আরও সুদৃঢ় করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, বিভিন্ন পেশা ও স্তরের মানুষের এই অভূতপূর্ব যোগদান স্বাধীনতা দিবসকে ঘিরে তেলিয়ামুড়ায় তৈরি হওয়া উৎসবমুখর পরিবেশকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। জাতীয় পতাকায় মোড়া শহরের রাজপথ বৃহস্পতিবার যেন এক টুকরো মিনি ভারতে পরিণত হয়েছিল।

