ডেস্ক রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর।।
ভিলেজ ভোটের দিন হিন্দি সিনেমার কায়দায় মাতাবাড়ি ব্লকের গামারিয়া এডিসি ভিলেজে হামলা করে দুষ্কৃতীরা। তারা মারুতি গাড়িতে করে আচমকা এই এডিসি ভিলেজের ৩ ও ৪ নম্বর আসনে ভোট কেন্দ্রে প্রবেশ করে। মথার কর্মীদের অভিযোগ, দুষ্কৃতীরা ভোট কেন্দ্রে প্রবেশ করে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে। তাতে বাধা দেন মথার প্রার্থী শচীন্দ্র রিয়াং সহ উপস্থিত মথার সমর্থকরা। তখনই দুষ্কৃতীদের সঙ্গে তাদের তুমুল বাকবিতণ্ডা হয়। এমন সময় মারুতি গাড়ি করে আসা দুষ্কৃতীদের একজন শচীন্দ্রকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রার্থী শচীন্দ্র। এরপর দুষ্কৃতীরা মারুতি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়ে।
মঙ্গলবার গুলি বিদ্ধ শচীন্দ্রকে জিবি হাসপাতালে দেখতে আসেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি বলেন, গুলি কাণ্ডের ব্যবহৃত মারুতি গাড়িটির নম্বর কুড়ি বছর আগের। তাঁকে এই তথ্য দিয়েছেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এই ইস্যুতে তিপ্রামথার পক্ষ থেকেও এদিন ডেপুটেশন দেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনে।
রঞ্জিত দেববর্মা ছাড়াও গুলি বিদ্ধ শচীন্দ্র রিয়াংকে জিবি হাসপাতালে গিয়েছিলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। ঘটনাস্থলটি অভিষেকের নির্বাচনী ক্ষেত্রও। তিনি আহত শচীন্দ্র রিয়াং- র সঙ্গে কথা বলেন।চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ নেন সভাপতি। অভিষেক স্পষ্ট ভাষায় বলেন, ” দোষীদের কাউকে ছাড়া হবে না। সে যেকোনো রাজনৈতিক দলের হোক না কেন।”
এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও জিবি হাসপাতালে যান গুলি বিদ্ধ শচীন্দ্র রিয়াংকে দেখতে। জিতেন্দ্র পুরো ঘটনার জন্য দায়ী করেছেন শাসক দল বিজেপিকেই।

