তেলিয়ামুড়া ডেস্ক,১৩ নভেম্বর।।
ধর্মীয় উৎসবের আবেগের আড়ালে গভীর রাতে শব্দদূষণ এবং উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান তেলিয়ামুড়া থানার পুলিশের। প্রশাসনিক নির্দেশ অমান্য করে গভীর রাতে উচ্চস্বরে ডিজে বাজিয়ে শ্যামা মায়ের প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে পুলিশের হাতে আটক হলো কয়েকজন যুবক। পাশাপাশি সাউন্ড সিস্টেমসহ সংশ্লিষ্ট গাড়িটিও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত প্রায় ১২টা নাগাদ তেলিয়ামুড়ায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে উচ্চস্বরে ডিজে বাজিয়ে নিরঞ্জনের শোভাযাত্রা যাওয়ার সময় বিষয়টি টহলদারি পুলিশের নজরে আসে। শব্দদূষণ সংক্রান্ত সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগে সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করে তেলিয়ামুড়া থানার পুলিশ। সাউন্ড সিস্টেমসহ গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি কয়েকজন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কড়া সতর্কবার্তা দিয়ে আটক যুবকদের ও গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়।
পুরনির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষের শান্তি বজায় রাখতে এবং শব্দযন্ত্রণা রুখতে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে-র এই তৎপরতা ইতিমধ্যেই সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

